সংশয়ে জেনিফার লোপেজ

সংশয়ে জেনিফার লোপেজ

ফন্ট সাইজ:

একাধিক সিনেমার ব্যর্থতা এবার ভাবিয়ে তুলেছে বিশ্বনন্দিত পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজকে। বক্স অফিসে
একের পর এক ধাক্কা সামলে নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েই অনিশ্চয়তায় পড়েছেন তিনি। এমনকি অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ানোর কথাও ভাবছেন তিনি। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি সিনেমা দর্শকের প্রত্যাশা পূরণ করতে না পারায় হতাশা ঘিরে ধরেছে লোপেজকে। বিষয়টি নিয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও আলোচনা করেছেন তিনি। প্রতিবেদনে উদ্ধৃত একটি সূত্রের দাবি, গত কয়েক বছরের সিনেমাগুলোর ব্যর্থতা লোপেজকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। কীভাবে আবার ক্যারিয়ারে ঘুরে দাঁড়াবেন, তা নিয়েও সংশয়ে রয়েছেন তিনি।

লোপেজের সাম্প্রতিক ব্যর্থ সিনেমার তালিকায় রয়েছে— ‘দিস ইজ মি...নাউ: অ্যা লাভ স্টোরি’ এবং নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন ছবি ‘অ্যাটলাস’। সমালোচকদের কাছ থেকেও সিনেমা দু’টি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ ছবির মাধ্যমে। সাবেক স্বামী বেন অ্যাফ্লেক প্রযোজিত সিনেমাটি ঘিরে প্রত্যাশা থাকলেও বক্স অফিসে সুবিধা করতে
পারেনি। তিন কোটি ডলার বাজেটের ছবিটির আয় দাঁড়িয়েছে মাত্র ১৮ লাখ ডলারে। ধারাবাহিক ব্যবসায়িক ব্যর্থতার কারণে হলিউডে নিজের ভাবমূর্তি নিয়েও চিন্তিত লোপেজ। ভবিষ্যতে নির্মাতা ও সহশিল্পীরা তার সঙ্গে কাজ করতে আগ্রহ হারাতে পারেন, এমন আশঙ্কাও করছেন এ অভিনেত্রী।