মিস ইউনিভার্সের গুরুত্বপূর্ণ পর্ব চলছে এখন। আর সেই পর্বে অন্য দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী সামিরা খান মাহি। আগামী ২৪শে নভেম্বর এ আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। অবশ্য তার আগেই জানা যাবে মাহি কতোতম স্থানে রয়েছেন। এদিকে, বিভিন্ন পর্ব শেষে এখন চলছে ভোট পর্ব। ভোট দিয়ে পছন্দের তারকাকে এগিয়ে রাখার সুযোগ। এ নিয়ে ফেসবুকেও সরব মাহি। চাইছেন ভোট। শুরু থেকেই বিভিন্ন পর্বে আলো ছড়িয়েছেন মাহি। একাধিক পর্বে সেরা কিংবা সেরা দশে জায়গা করেছেন।
এদিকে, সামিরা খান মাহি সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে সুখবর দিয়েছেন। তিনি লিখেছেন, আজকের মিস ইউনিভার্স-২০২৬’র ফ্যান ভোটিং আপডেটে এখন পর্যন্ত সর্বাধিক ভোটপ্রাপ্ত সেরা ৩০জন প্রতিযোগীর মধ্যে আমিও জায়গা করে নিয়েছি। মাহি উল্লেখ করেন, এটি শুধুই আজকের ভোটিং আপডেট। এটা চূড়ান্ত কোনো ফলাফল নয়। আমাদের লড়াই এখনো চলছে, আর এ যাত্রায় আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি! মাহি জানান, আমাকে এমইউ ফ্যান অ্যাপস ডাউনলোড করে ভোট সেকশনে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সেকশনে ফ্রি ভোট দেয়া যাবে। এদিকে, সামিরা খান মাহি গতকাল মানবজমিনকে বলেন, এখানে সময় কীভাবে যাচ্ছে বলতে পারবো না। একদমই অবসর মিলছে না। ঘুম আর খাওয়া-দাওয়ার পর নিজের জন্য সময় থাকে না। নিজেকে বিভিন্ন পর্বের জন্য তৈরি করতে হয়। এখন পর্যন্ত বিভিন্ন পর্বে আমার অবস্থা বেশ ভালো। তবে আমি আরও ভোট প্রত্যাশা করছি। কারণ আমার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়ার এটাই বড় সুযোগ।
মাহি আরও বলেন, বিভিন্ন প্রতিযোগীদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সবার সঙ্গে একটা বন্ডিং তৈরি হয়েছে। এ সময়টা আসলে পরে অনেক মিস করবো। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতায় অংশ নিতে ৮ই নভেম্বর দেশ ছেড়ে পুয়ের্তো রিকোয় গেছেন তিনি। মিস ইউনিভার্সের এবারের আসর বসেছে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে। ১১ই নভেম্বর শুরু হয়েছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। এতে অংশ নিচ্ছেন বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী। ২৪শে নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত আয়োজন।
