হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার উদ্বোধনের এক মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে। দেড় বছর ধরে প্রকল্পটি কার্যত তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় এর মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, শুষ্ক মৌসুমে পৌর এলাকার বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় তীব্র হচ্ছে পানির সংকট। এমন পরিস্থিতিতে বিপুল অর্থব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি চালু না থাকায় জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে। জনকল্যাণমূলক প্রকল্প উদ্বোধনের অল্প সময়ের মধ্যে কেন বন্ধ হয়ে গেল, কারা এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন এবং দীর্ঘদিনেও কেন নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি—এসব প্রশ্ন এখন স্থানীয়দের।
সরজমিন দেখা যায়, শায়েস্তাগঞ্জ পৌর শহরের সুদিয়াখলা এলাকায় পুরোনো গরুর বাজারের পাশে নির্মিত পানি শোধনাগারটির প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে তালা ঝুলছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় পুরো স্থাপনাটি কার্যত অচল অবস্থায় রয়েছে। অথচ পৌরবাসীর নিরাপদ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল এই প্রকল্পটির। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি ২০২৫ সালের ৩রা মার্চ শায়েস্তাগঞ্জ পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। পরে একই বছরের ২৮শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন তৎকালীন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। প্রকল্পটি চালুর মাধ্যমে পৌরবাসীর নিরাপদ পানির সংকট কমবে—এমন প্রত্যাশা ছিল সংশ্লিষ্টদের। কিন্তু উদ্বোধনের এক মাসের মধ্যেই পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, পানি সরবরাহের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তারা এর সুফল পাচ্ছেন না। এতে পানির সংযোগ নেয়ার প্রয়োজনীয়তা ও প্রকল্পটির কার্যকারিতা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, পানির মতো মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করার জন্য নির্মিত প্রকল্প দীর্ঘদিন বন্ধ পড়ে থাকা কোনোভাবেই কাম্য নয়। তাদের প্রশ্ন, প্রকল্পটি নির্মাণের আগে পরিচালনা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ এবং নিয়মিত পানি বিতরণের বিষয়ে যথাযথ পরিকল্পনা নেয়া হয়েছিল কি না? পাশাপাশি প্রকল্পটি চালু রাখার জন্য প্রয়োজনীয় জনবল, অর্থায়ন ও কারিগরি ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। শায়েস্তাগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী টিটন দাশ বলেন, পানি শোধনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক কেনা হয়েছে। শিগগিরই পানি সরবরাহের লাইন চালু হবে বলে আশা করা হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্রকল্পটির পানি সরবরাহ কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন পানির লাইন বন্ধ থাকায় কিছু কিছু এলাকায় পাইপলাইনসহ মিটার চুরি হয়ে গেছে। এগুলো মেরামতের কাজ চলছে। দ্রুত পানির লাইন চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত পানি সরবরাহ চালুর আশ্বাস দেয়া হলেও স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু আশ্বাস নয়, কার্যকর উদ্যোগের মাধ্যমে প্রকল্পটি সচল করা প্রয়োজন। একইসঙ্গে যেসব এলাকায় পাইপলাইন ও মিটার চুরি হয়েছে, সেসব স্থানে মেরামত কাজ শেষ করে গ্রাহকদের পানির সংযোগ পুনরায় চালু করতে হবে।
