চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক শীর্ষ কর্মকর্তা অজয় কে জয় পুরির স্ত্রীর বিরুদ্ধে চীনে অবৈধভাবে চিপ পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। শর্ট-সেলিং প্রতিষ্ঠান মাডি ওয়াটার্স রিসার্চের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত ১৭ই নভেম্বর ‘এনভিডিয়া: মোর চায়না’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে সুপার মাইক্রো কম্পিউটার ইনকরপোরেটেডের (এসএমসিআই) সাবেক এক কর্মকর্তার সঙ্গে জয় পুরির ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি সামনে আনা হয়েছে। এই খবর দিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে তোলা কয়েকটি ছবি পর্যালোচনা করেছে মাডি ওয়াটার্স, যেখানে পুরির সঙ্গে তার স্ত্রী সেনলি চেনকে (সেনলি পুরি) দেখা গেছে। দীর্ঘ ২১ বছর দায়িত্ব পালনের পর চলতি বছরের জুনে এনভিডিয়ার নির্বাহী ভাইস প্রেসিডেন্টের পদ ছাড়েন জয় পুরি।
প্রতিষ্ঠানের তৃতীয় সর্বোচ্চ কর্মকর্তা থাকা পুরি বর্তমানে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং তার কাছে প্রায় ৫৭ কোটি ডলারের শেয়ার রয়েছে। মাডি ওয়াটার্স প্রশ্ন তুলেছে, পুরির স্ত্রী সেনলি চেন এবং এসএমসিআইয়ের সাবেক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সেনলি চেন একই ব্যক্তি কিনা। বিষয়টি স্পষ্ট করতে চেনের বর্তমান প্রতিষ্ঠান ক্রোনোস্কেলের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি বলে জানায় মাডি ওয়াটার্স।
গত অক্টোবরে সুপার মাইক্রোর বিরুদ্ধে করা দেওয়ানি মামলায় সাবেক কর্মীরা অভিযোগ করেন, সেনলি চেন এনভিডিয়া থেকে জিপিইউ চিপ সংগ্রহ ও বিতরণের বিষয়টি দেখভাল করতেন এবং অবৈধ বিক্রির বিষয়ে তার না জানার কোনো কারণ ছিল না। রপ্তানি জালিয়াতি প্রকাশ্যে আসার পর মে মাসে তিনি সুপার মাইক্রো ছাড়েন, যার প্রায় এক মাস পর পুরিও এনভিডিয়ার নির্বাহী পদ ছাড়েন। মামলায় বলা হয়, চীনে অবৈধভাবে পাচার হওয়া জিপিইউয়ের সিরিয়াল নম্বরযুক্ত চিপ ছাড়ার অনুরোধ করে চেন এনভিডিয়াকে ই-মেইল করেছিলেন।
তবে মাডি ওয়াটার্স স্পষ্ট করেছে, চেনের বিরুদ্ধে এখনো কোনো ফৌজদারি অভিযোগ গঠন হয়নি এবং দেওয়ানি মামলার অভিযোগও প্রমাণিত নয়। এর আগে ব্যাংককভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে চীনে প্রায় ২৫০ কোটি ডলার বা প্রায় ৩০ হাজার ৯৯৫ কোটি টাকার এনভিডিয়া চিপযুক্ত সার্ভার বিক্রির অভিযোগে সুপার মাইক্রোর সঙ্গে যুক্ত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা।
