সৌদি আরবের রাজধানী রিয়াদে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নতুন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের (সোভরেন ওয়েলথ ফান্ড) সদর দপ্তর থাকা একটি আকাশচুম্বী ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর ভবনটির বিভিন্ন তলার জানালা ও বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার ভোরে রিয়াদে অবস্থানরত এএফপির সাংবাদিকরা শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রায় একই সময়ে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে। তবে কয়েক মিনিট পরই জানানো হয়, বিপদের আশঙ্কা কেটে গেছে।
হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের’ রিয়াদ লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি তারা মোকাবিলা করেছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানার আলামত পাওয়া গেছে। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
পরে প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, রিয়াদের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮০ তলাবিশিষ্ট এই ভবনটি শহরের আর্থিক জেলাটির সবচেয়ে উঁচু ভবন।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জানালার কাচ উড়ে গেছে। আরও দুজন প্রত্যক্ষদর্শী ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৮৫ মিটার উঁচু টাওয়ারটি কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের অন্যতম প্রধান স্থাপনা। সৌদি আরবের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে পরিচিত এই এলাকায় রয়েছে বিশাল সব আকাশচুম্বী ভবন, বিলাসবহুল বিপণিবিতান ও সবুজ উন্মুক্ত স্থান।
এখানেই সৌদি শেয়ারবাজারের সদর দপ্তর অবস্থিত। পাশাপাশি গোল্ডম্যান স্যাকসের মতো বহুজাতিক প্রতিষ্ঠানও এ এলাকায় কার্যক্রম পরিচালনা করছে।
সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে পরিচালিত হয় পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। ৯০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে এটি বিশ্বের অন্যতম বৃহৎ সার্বভৌম সম্পদ তহবিলে পরিণত হয়েছে।
তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে অর্থনীতির বহুমুখীকরণে সৌদি সরকারের অন্যতম প্রধান হাতিয়ার এই তহবিল। তবে সাম্প্রতিক সংঘাত দেশটির সেই উচ্চাভিলাষী পরিকল্পনাকে হুমকির মুখে ফেলেছে।
