ইরানের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে যৌথভাবে আবারও বড় ধরনের সামরিক অভিযান চালানোর কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ অভিযানে টানা চার থেকে সাত দিন ধরে ইরানে ব্যাপক বোমা হামলা চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও সর্বাত্মক যুদ্ধ শুরুর প্রয়োজনীয়তা বোঝাতে হোয়াইট হাউসের ওপর চাপ বাড়ানোর পর ট্রাম্প এ বিষয়টি বিবেচনা করছেন। বিষয়টি নিয়ে নিউ ইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস প্রতিবেদন প্রকাশ করেছে।
অথচ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প বেশ জোরালোভাবেই ইঙ্গিত দিয়েছিলেন, তিনি নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না। ইরান যুদ্ধকে তিনি কার্যত শেষ বলে বর্ণনা করেছিলেন। এমনকি একে ‘বিশাল বিজয়’ বলেও দাবি করেছিলেন।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসলামি প্রজাতন্ত্রটির সঙ্গে আলোচনাও বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে।
এর পেছনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত ওই নির্বাচনে দলটি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায়। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে সৃষ্ট অসন্তোষকে এ পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
তবে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের অগ্রগতি নিয়ে নতুন গোয়েন্দা তথ্য পাওয়ার পর ট্রাম্প আবারও বড় ধরনের বোমা হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস।
ওয়াশিংটনে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যানের সফরের পর এ তৎপরতা শুরু হয়েছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত গফম্যান নতুন করে সামরিক অভিযান শুরুর পক্ষে জোরালোভাবে তদবির করেছেন বলে জানা গেছে। এ ছাড়া ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির অগ্রগতি ঘটাচ্ছে বলেও হোয়াইট হাউসকে সতর্ক করেছে ইসরাইল।
মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের বড় সামরিক উপস্থিতি রয়েছে। এ অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী এবং একটি উভচর হামলাকারী যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় সম্প্রতি অঞ্চলটি থেকে অপ্রয়োজনীয় কিছু মার্কিন কর্মী সরিয়ে নেয়া হয়েছে।
ইসরাইলের জন্য আরও একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
নেতানিয়াহুর চাপ, ফের যুদ্ধের প্রস্তুতি?
নেতানিয়াহু বেশ কয়েক মাস ধরেই ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরুর জন্য চাপ দিয়ে আসছেন। অক্টোবরের শেষ দিকে ইসরাইলের সাধারণ নির্বাচনের আগেও কয়েক দফায় তিনি এ চেষ্টা চালান।
নির্বাচনে নিজের শাসক জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এখন বিরোধী দলগুলোকে নিয়ে ‘জাতীয় ঐক্যের’ সরকার গঠনের আহ্বান জানাচ্ছেন নেতানিয়াহু। এ ক্ষেত্রে ইরানের হুমকিকে সামনে আনছেন তিনি।
বুধবার ইসরাইলের বিরোধী দলের নেতা নাফতালি বেনেট নেতানিয়াহুর সঙ্গে কয়েক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকের আগে বিরোধী জোটের সহকর্মীদের না জানানোর ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, তিনি হয়তো নেতানিয়াহুর সঙ্গে জোটে যোগ দিতে পারেন।
ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠকে আলোচনার আনুষ্ঠানিক বিষয় ছিল ইরানের হুমকি।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির কোনো চুক্তি বিবেচনা করতে হলে বেনেট চান, প্রথমে গাদি আইজেনকট প্রধানমন্ত্রী হবেন এবং পরে পালাক্রমে দায়িত্ব হস্তান্তর করা হবে।
এদিকে বিতর্কিত হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত পরিসরে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। তবে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে যোগ দিলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার মুখে পড়তে পারে ইসরাইল। এপ্রিলের পর থেকে ইসরাইল অবশ্য কোনো বিমান হামলায় অংশ নেয়নি।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। এ সপ্তাহে তিনি ইসরাইলে দেশটির সামরিক বাহিনীর (আইডিএফ) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
ক্ষেপণাস্ত্র ও জ্বালানি অবকাঠামো হতে পারে হামলার লক্ষ্য
সম্ভাব্য মার্কিন হামলার প্রধান লক্ষ্য হতে পারে ইরানের ক্ষেপণাস্ত্রভাণ্ডার। এর পাশাপাশি জ্বালানি স্থাপনার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও হামলা চালানো হতে পারে।
নেতানিয়াহু এখনো বিশ্বাস করেন, সামরিক অভিযানের মাধ্যমে ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করা সম্ভব। অন্যদিকে সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পের বক্তব্যে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টিই বেশি গুরুত্ব পেয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টায় গতি এসেছে বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা লক্ষ্য করেছেন।
এদিকে বৃহস্পতিবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালনা পর্ষদের বৈঠকে যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স ও জার্মানি যৌথভাবে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে হবে।
দেশ চারটি ইরানের বিরুদ্ধে বিষয়টি নিয়ে ‘ইচ্ছাকৃতভাবে অগ্রগতি আটকে রাখার’ অভিযোগ করেছে। ২০২৫ সালের জুনে সামরিক হামলার পর থেকে ইরান ওই পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি। সূত্র: দ্য টেলিগ্রাফ
