কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় নাশকতার চেষ্টার অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেট ও জজকোর্ট এলাকায় নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের জবি শাখার নেতা শাকিল খানকে আটক করা হয়। আটকের পর তাকে মারধর করে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
বিভাগীয় সূত্রে জানা যায়, বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বিভাগে এসেছিলেন শাকিল খান। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তার উপস্থিতির খবর পেয়ে সেখানে গিয়ে তাকে আটক করেন। এ সময় শাকিলের বান্ধবী ও সহপাঠীরা ছাত্রদল নেতাদের বাধা দেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়।
ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, শাকিলের মোবাইল ফোন পরীক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে তার যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তিনি এখনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং বিভাগের ছাত্রলীগের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড তার মাধ্যমে পরিচালিত হয় বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, ওই শিক্ষার্থীকে ধরে নিয়ে আসার পর আমরা তার পরিচয় জানার চেষ্টা করি। পরে জানতে পারি, তিনি দর্শন বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর আমরা পুলিশকে খবর দিই এবং তাকে পুলিশের হেফাজতে সোপর্দ করি।
শিক্ষককে হেনস্তার অভিযোগ, শিক্ষার্থীদের তিন দফা দাবি: এদিকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ছাত্রদলের অভিযান পরিচালনাকালে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীরকে হেনস্তার অভিযোগ উঠে ছাত্রদলের বিরুদ্ধে। এ ঘটনাযর প্রতিবাদ জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ তিন দফা দাবি জানিয়েছেন তারা। বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এসব প্রতিবাদ ও দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর দুপুর ১টার দিকে অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর নিজ বিভাগে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। এ সময় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের অফিস কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ হোসাইনকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মারধর করে নিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও সুমন সরদার অধ্যাপকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। অভিযোগ অনুযায়ী, এ সময় ছাত্রদলের ওই নেতারা অধ্যাপক শাহ মো. নিসতার জাহান কবীরের দিকে আঙুল উঁচিয়ে ‘ছাত্রলীগ পালেন’ বলে ধমক দেন এবং উচ্চস্বরে বিভিন্ন কথা বলে তাকে হেনস্তা করেন। শিক্ষার্থীদের দাবি, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
শিক্ষার্থীদের তিন দফা হলো— শিক্ষক হেনস্তার ঘটনায় অবিলম্বে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো নিরপরাধ শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী এ ধরনের হেনস্তা ও সহিংসতার শিকার না হন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে গোপনে তৎপর ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
