রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমার রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার এই রায় দেন নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এ আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি এই সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ক্ষতিপূরণের বিষয়ে ইতিবাচক ফলাফল এসেছে। বাংলাদেশের জন্যও এতে ইতিবাচক দিক রয়েছে। হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের বিচারিক ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর বেশ গুরুতর প্রভাব রয়েছে। গভীর এই সংকট সমাধানে এখন কীভাবে সামনে এগোনো হবে, সেই ক্ষেত্রেও রায়টির তাৎপর্য রয়েছে।
একই দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এই রায় রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে বাংলাদেশের অবস্থানকে আরও জোরালো করবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সংকট তুলে ধরা এবং মিয়ানমারের ওপর চাপ তৈরির ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। তার মতে, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করার একটি বড় ক্ষেত্র তৈরি হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। বাংলাদেশের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠী এবং এ দেশের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্যও এটি ইতিবাচক রায়। মামলাটি দায়ের করায় গাম্বিয়াকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে অবিচার, অত্যাচার ও গণহত্যার অভিযোগের বিরুদ্ধে দেশটি আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় দাঁড়িয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও মানবিক সহায়তা দিয়ে আসা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
