দুই দশক আগে প্রকাশিত সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জনপ্রিয় অ্যালবাম ‘হোক কলরব’ ঘিরে আয়োজিত বিশেষ সংগীত আয়োজনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২০ নভেম্বরের পরিবর্তে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর। আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টিজ কমিউনিকেশন এ তথ্য জানিয়েছে। তবে কনসার্টের স্থান পরিবর্তন করা হয়নি। রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালেই বসবে এই সংগীতের আসর।
তারিখ পরিবর্তনের কারণ হিসেবে শিল্পীর ব্যক্তিগত জীবনে তৈরি হওয়া জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করেছেন আয়োজকরা। তাদের ভাষ্য, দর্শকদের জন্য পূর্ণাঙ্গ ও সুন্দর আয়োজন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আয়োজনে অর্ণবের সঙ্গে মঞ্চ মাতাবেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও অর্ণবের জীবনসঙ্গী সুনিধি নায়েক। ২৭ নভেম্বর বিকেল ৫টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। ২০০৬ সালে প্রকাশিত ‘হোক কলরব’ অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের মধ্যে ব্যাপক পরিচিতি পান অর্ণব।
বাংলাদেশের গণ্ডি পেরিয়ে অ্যালবামটির গান জনপ্রিয়তা পায় ভারতের পশ্চিমবঙ্গেও। বিশেষ করে ২০১৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে ‘হোক কলরব’ স্লোগানটি ব্যাপকভাবে আলোচিত হয়। উল্লেখ্য, ‘হোক কলরব’ মূলত কবি রাজীব আশরাফের লেখা কবিতা। অর্ণব সেই কবিতায় সুরারোপ করে গান হিসেবে শ্রোতাদের সামনে তুলে ধরেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রয়াত হন এই কবি।
