পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

ফন্ট সাইজ:

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও স্বাভাবিক হয়নি তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ। গতকাল মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর, গাজীপুর এবং সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকরা দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি’র নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় একটি ট্রাফিক পুলিশ বক্স। পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ দফায় দফায় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ অবস্থায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সাভার-আশুলিয়াতেও বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এর ফলে সাভার-আশুলিয়ায় ১১২টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

মিরপুরে দিনভর উত্তেজনা: গতকাল সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১৩ ও ১৪ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। একই সময়ে মিরপুর-১১ ও ১২ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ভাঙচুর করা হয় একটি ট্রাফিক পুলিশ বক্স। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের করা হয়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের বিক্ষোভ মিরপুর-১১ নম্বর এলাকায় ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ১১টার পর শ্রমিকরা মিরপুর-১১ মেট্রোস্টেশন এলাকায় জড়ো হতে থাকেন। তারা সড়কে অবস্থান নিয়ে মিরপুর-১২ নম্বরের দিকে অগ্রসর হন। বেলা পৌনে ১২টার দিকে তাদের সড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের বাধাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। জবাবে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় আবারো সড়ক অবরোধের চেষ্টা করে পোশাক শ্রমিকরা। এ সময় ফের পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মূল সড়ক থেকে সরিয়ে দেয়।

নারী শ্রমিককে কুপিয়ে জখম: শ্রমিক অসন্তোষের মধ্যে বেলা ১২টা ৫৬ মিনিটে পর মিরপুরের রূপনগরে ‘ব্যক্তিগত দ্বন্দ্বের’ জেরে নূপুর নামের এক পোশাক শ্রমিককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১২টা ৫৬ মিনিটের দিকে একটি গলির ভেতর রাস্তার পাশে শিশুরা বসে খেলা করছিল এবং স্বাভাবিকভাবে পথচারী ও ভ্যানগাড়ি চলাচল করছিল। হঠাৎ করেই এক ব্যক্তি হাতে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে ওই নারীর ওপর চড়াও হয়। ওই নারী মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী তাকে উপর্যুপরি আঘাত করতে থাকে। এ সময় আশপাশের লোকজনকে দ্রুত দূরে সরে যেতে দেখা যায়। পরে ওই ব্যক্তি অস্ত্র হাতে ঘটনাস্থল ত্যাগ করে। প্রত্যক্ষদর্শী রহিমা বেগম মানবজমিনকে বলেন, অভিযুক্তের হাতে ধারালো ছুরি ছিল। জনসম্মুখে মেয়েটার হাতে, পায়ে, মুখে, মাথায় কুপিয়েছে। ডিএমপি’র গোয়েন্দা শাখার প্রধান শফিকুল ইসলাম জানান, রাইজিং গ্রুপের একটি কারখানায় নূপুর কাজ করেন। তার সঙ্গে একই কারখানায় রায়হান নামের ওই হামলাকারীও কাজ করতো। তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। দু’জনের প্রেমের বিচ্ছেদ বা কোনো সমস্যা থেকে রায়হান নূপুরের ওপর হামলা চালায়। রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। নূপুর চিকিৎসাধীন আছেন।

তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগ: শ্রমিক আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগ উঠেছে। লর্ড গার্মেন্টসের কর্মকর্তা নাজমুন ইসলাম মানবজমিনকে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে কিছু বহিরাগত মিশে গিয়ে আন্দোলনের সুযোগ নিচ্ছে। কিছু আওয়ামী লীগের কর্মীও শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। শ্রমিকদের নতুন করে আন্দোলনে নামার কারণ প্রসঙ্গে তিনি বলেন, মজুরি বোর্ডের পক্ষ থেকে আগামী ২৩ তারিখ ত্রিপক্ষীয় সভা এবং ১ তারিখ থেকে নতুন মজুরি কার্যকরের কথা জানানো হয়েছে। তবে গত দিনের আন্দোলনে পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলে শ্রমিকদের আহত হওয়ার ঘটনা থেকে তৈরি হওয়া ক্ষোভও নতুন করে আন্দোলনে নামার অন্যতম কারণ।
গাজীপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুর, ৮৯ কারখানা বন্ধ: সকালে গাজীপুর মহানগরের মালিকের বাড়ি থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী দফা দফায় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ছুটি ঘোষণা দেয়া হয় আশপাশের অনেক কারখানা। গাছা ও বাসন সড়ক এলাকায় বোর্ডবাজার থেকে শুরু করে চান্দনা চৌরাস্তা পর্যন্ত অনেক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ৮৯টি কারখানায় বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে ৫০টি কারখানায় সাধারণ ছুটি এবং বাকি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকালে কয়েকটি স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার তাদের ছত্রভঙ্গ করে দেয়। এক জায়গায় ছত্রভঙ্গ করলে আরেক জায়গায় অবরোধ সৃষ্টি করে। শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে সড়কে আগুন জ্বালিয়ে কয়েকটি স্থানে অবরোধ করে। হারিকেন ফ্যাক্টরি এলাকায় পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এদিকে গাজীপুর মহানগরের গাছা ও বাসন সড়ক এলাকায় শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিল্প পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা কাজ করেন। এ ছাড়া জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করেন।

সাভার-আশুলিয়ায় কাজ বন্ধ করে সড়কে শ্রমিকরা, ১১২ কারখানা বন্ধ: সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে মিছিল নিয়ে হেমায়েতপুর-সিংগাইর সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের কারখানার শ্রমিকদেরও বাইরে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বিক্ষোভ করেন তারা। অন্যদিকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরাও কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। জামগড়া ও নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানার সামনে শ্রমিকদের জড়ো হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে বিকালে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আল মুসলিম গার্মেন্টসের শ্রমিকরা। পরে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।

এদিকে শ্রমিক অসন্তোষে উস্কানি দেয়ার অভিযোগে তিন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইলিয়াস এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন মোটরচালক শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উস্কানিমূলক পোস্টার, লিফলেটসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপ্স ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগতও যোগ দিয়েছে। শ্রমিকের ছদ্মবেশে কেউ অরাজকতা, অস্থিতিশীল পরিস্থিতি কিংবা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে ১৪টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আটটি কারখানায় এবং আরও ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।