গত বছর একাধিক আন্তর্জাতিক ফুটসালে অংশ নিয়েছে বাংলাদেশ পুরুষ ও নারী দল। চলতি বছরের শুরুতে নারী সাফ ফুটসালে শিরোপাও জিতেছে বাংলাদেশ। নিয়মিত আন্তর্জাতিক আসরে অংশ নিলেও ফুটসালে নেই কোন ঘরোয়া আসর। ফুটসালে আরও শক্তিশালী দল গড়তে নারী ও পুরুষ উভয় বিভাগেই লীগ আয়োজনে অংশগ্রহণকারী দলগুলোকে আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফের ফুটসাল কমিটি। ২০০৮ সালে প্রিমিয়ার লীগের ক্লাবগুলো নিয়ে ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছিল বাফুফে। ওই টুর্নামেন্টে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। এরপর গত ১৬ বছর আর এই খেলা মাঠে গড়াতে দেখা যায়নি। তাই নতুন করে এই টুর্নামেন্ট আয়োজনের আহ্বান করা হয়েছে। ক্লাব বা দলের নামের ক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের হলে ট্রাস্টি বোর্ড কিংবা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। নারী ও পুরুষ উভয় দলের ফুটসাল লীগই করতে চায় বাফুফে। এজন্য দল গঠনে আগ্রহী ক্লাবকে দুই দল গঠনই বাধ্যতামূলক করা হয়েছে। ক্লাবগুলোকে পরবর্তী দুই মৌসুম নারী ও পুরুষ ফুটসাল লীগে খেলার অঙ্গীকার করতে হবে। পাশাপাশি লীগ খেলতে আগ্রহী ক্লাবকে ৫ লাখ টাকা বাফুফেকে পে অর্ডার দিতে হবে। লীগের নিয়ম কানুন ও শর্তপূরণ সাপেক্ষে এই গ্যারান্টি মানি ফেরত পাবে ক্লাবগুলো। ২রা মে থেকে ফুটসাল কমিটি লীগ শুরু করার দিনক্ষণ ঠিক করেছে। এখনো কোনো দল আনুষ্ঠানিকভাবে আবেদন করেনি। আগ্রহী ক্লাব বা দল আবেদন করলে বাফুফের ক্লাব লাইসেন্সিং কমিটি সেটা পর্যালোচনা করে সিদ্ধান্ত প্রদান করবে। তবে ঘরোয়া ফুটবলের একটি অলিখিত সংস্কৃতি হলো খেলা পেছানো। সকল আনুষ্ঠানিকতা শেষে ২ই মে খেলা শুরু হয় কি না সেটাই দেখার বিষয়।
ফুটসালে নতুন লীগ
স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
