সিরাজগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাতের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রোড (এস.এস রোড) এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের জেলা কার্যালয় ও হাবিবে মিল্লাতের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক এমপি মিল্লাতের বাড়ির সামনে যান। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। প্রথমে দলীয় কার্যালয় ও পরে মিল্লাতের বাড়িতে আগুন জ্বালানো হয়। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এরআগে, বুধবার ভোর রাতে শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের লকডাউন সমর্থনে একটি ব্যানার টাঙিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী দাবি করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের জনগণের প্রত্যেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে বির্বত করতে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। এতে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের মানুষও ক্ষুব্ধ। মূলত চব্বিশের অভ্যুত্থানে যারা স্বৈরাচারকে বিতারিত করেছিল, তারা আবারও হয়তো অগ্নিসংযোগ করেছে। তবে, এ ঘটনার সঙ্গে বিএনপির কোন সংশ্লিষ্টতা নেই বলে তিনি মন্তব্য করেন। অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ পরিস্থিতি শান্ত করা হয়েছে।
