ইত্তিহাদে অগ্নিপরীক্ষা ম্যান সিটির

ইত্তিহাদে অগ্নিপরীক্ষা ম্যান সিটির

ফন্ট সাইজ:

উয়েফা চ্যাম্পিয়নস লীগে কোয়ার্টার ফাইনালের চারটি দল নির্ধারণ হবে আজ। শেষ ষোলোর ফিরতি লেগে রাতে মাঠে নামছে জায়ান্টরা। প্রথম লেগের ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ পাচ্ছে ক্লাবগুলো। বরাবরের মতো আগ্রহের চূড়ায় থাকবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার লড়াই। ম্যাচটি শুরু হবে রাত ২টা। একই সময়ে চেলসির মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও আর্সেনাল আমন্ত্রণ জানাবে লেভারকুসেনকে। রাতের প্রথম ম্যাচে পৌনে ১২টায় স্পোর্টিং সিপির মাঠে নামবে এ মৌসুমের সবচেয়ে বড় চমক বোডো/গ্লিমট।
নিজেদের ইত্তিহাদ মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অগ্নিপরীক্ষা ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়নস লীগ মহাযজ্ঞে নিঃসন্দেহে আজ রাতের সবচেয়ে বড় ম্যাচ এটিই। অলৌকিক কিছুই করতে হবে ম্যান সিটিকে। প্রথম লেগে ৩-০ গোলে হেরে খাদের একেবারেই কিনারায় সিটিজেনরা। ঘরের মাঠে ফেদে ভালভার্দের হ্যাটট্রিকে দুর্দান্ত এক জয় তুলে নেয় অল হোয়াইটরা। তবে হাল ছাড়ছেন না পেপ গার্দিওলা। প্রতিপক্ষকেই উদাহরণ বানিয়ে সিটিজেন বস বলেন, ‘রিয়াল কি তাদের ইতিহাসে কখনও ঘুরে দাঁড়ায়নি? জানি না কতবার... চ্যাম্পিয়নস লীগে তারা ৫০ বারের মতো ঘুরে দাঁড়িয়েছে। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে কখনও ঘুরে দাঁড়ায়নি? কাজটি অবশ্যই কঠিন। তবে আমাদের চেষ্টা করতে হবে। সম্মানের জন্য, সমর্থকদের জন্য, নিজেদের দায়িত্বের জন্য মাঠে নেমে লড়তে হবে।’
আজ মাঠে নামার আগে বড় সুসংবাদ পাচ্ছে রিয়াল ভক্তরা। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন আগের ম্যাচে না খেলতে পারা কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও আলভারো কারেরাস।
ঘরের মাঠে রূপকথা লিখতে হবে চেলসিকেও
সিটির মতোই একেবারে খাদের কিনারায় চেলসিও। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মাঠে প্রথম লেগে ৫-২ গোলে বিধ্বস্ত হয় ব্লুরা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে চেলসিকেও ঘোচাতে হবে তিন গোলের ব্যবধান। প্রথম লেগে পিএসজির এক বল-বয়কে ধাক্কা দিয়ে উয়েফার তদন্তের মুখে রয়েছেন পেদ্রো নেতো। এমনকি এক ম্যাচের নিষেধাজ্ঞার খাঁড়াও ঝুলছে তার ওপর। তবে দ্বিতীয় লেগের আগের দিন পর্যন্ত তেমন কোনো ঘোষণা আসেনি। বিশেষ করে যখন এস্তেভাও এবং জেমি বাইনো-গিটেন্স চোটের কারণে বাইরে, তখন নেতোর মাঠে থাকাটা চেলসি ভক্তদের জন্য বড় স্বস্তির কারণ হতে পারে। অন্যদিকে, প্রথম ও দ্বিতীয় লেগের মাঝে কোনো ম্যাচ না থাকায় পূর্ণ বিশ্রাম নিয়েই লন্ডনে পা রাখছে পিএসজি। কোচ লুইস এনরিকে গত সপ্তাহের সেই বিধ্বংসী স্কোয়াড নিয়েই স্ট্যামফোর্ড ব্রিজে হাজির হবেন বলে আশা করা হচ্ছে।
লন্ডনে মহাযুদ্ধ
প্রথম লেগে আর্সেনাল ও লেভারকুসেনের মধ্যকার ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। তাই এমিরেটস স্টেডিয়ামে আজকের ফিরতি লেগ দুদলের জন্যেই অঘোষিত ফাইনাল। তবে ইউরিয়েন টিম্বারসহ অধিনায়ক মার্টিং ওডেগার্ড ও লিয়ান্দ্রো ট্রোসার্ডের চোট ভাবাচ্ছে গানারদের। স্বস্তিতে নেই জার্মান জায়ান্টরাও। বায়ার্ন মিউনিখের বিপক্ষে (১-১) ড্র করা ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন অ্যালেক্স গার্সিয়া ও মার্টিন টেরিয়ার।
পর্তুগালে শ্রেষ্ঠত্বের সন্ধানে বোডো/গ্লিমট
চ্যাম্পিয়নস লীগের চলতি মৌসুমে সবচেয়ে চমক দেখিয়েছে বোডো/গ্লিমট। অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যান সিটি ও ইন্টার মিলানের মতো বিখ্যাত ক্লাবগুলোকে হারিয়ে রীতিমত রূপকথা লিখেছে নরওয়েজিয়ান ক্লাবটি। সেই পথে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে স্পোর্টিং সিপিকে ৩-০ গোলে হারায় বোডো/গ্লিমট। আজ পর্তুগিজ ক্লাবটির মাঠে শুধু ফর্ম ধরে রাখলেই হবে তাদের।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন