কালিয়ায় বিএনপির গাড়িবহরে হামলা

আগুনে পুড়ল একাধিক মোটরসাইকেল

ফন্ট সাইজ:

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। বুধবার কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের সড়ক হয়ে বটগাছের উত্তর পাশ দিয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া তিন থেকে চার শতাধিক লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

হামলায় আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)। তাঁদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহীন ও সোহেল শেখের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনায় পাঠানো হয়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন ব্যস্ত পাওয়া যায়। এ কারণে তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।