হুতিদের বিরুদ্ধে ২০২৭ সাল পর্যন্ত যুদ্ধের প্রস্তুতি সৌদির

রয়টার্স এক্সক্লুসিভ

হুতিদের বিরুদ্ধে ২০২৭ সাল পর্যন্ত যুদ্ধের প্রস্তুতি সৌদির

ফন্ট সাইজ:

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ আগামী বছর ২০২৭ সালের অনেকটা সময় পর্যন্ত চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। যুদ্ধক্ষেত্রে একের পর এক বিপর্যয় এবং নিজ দেশের অভ্যন্তরে হামলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলেও সামরিক অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। সৌদির পরিকল্পনা সম্পর্কে অবহিত দুই পশ্চিমা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ইরানকে ঘিরে বৃহত্তর যুদ্ধের মধ্যে ইয়েমেনের সংঘাত এখন সবচেয়ে সক্রিয় রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সংঘাতে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ। একই সঙ্গে তেলনির্ভর অর্থনীতির বাইরে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনের কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠার সৌদি প্রচেষ্টাও বাধাগ্রস্ত হচ্ছে।

যুদ্ধ নিয়ে সৌদি আরবের জনসমক্ষে দেয়া বক্তব্যেও ধীরে ধীরে পরিবর্তন এসেছে। সংঘাতের প্রভাব সম্পর্কে এখন আগের তুলনায় বেশি স্বীকারোক্তি দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
পশ্চিমা ওই কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সৌদি কর্মকর্তারা এখন মনে করছেন, সামরিক অভিযান আরও ছয় মাস পর্যন্ত চলতে পারে। হুতিদের সঙ্গে কোনো আলোচনায় বসার আগে ইয়েমেনে সৌদি সমর্থিত মিত্র বাহিনীর স্থলভাগে অগ্রগতি নিশ্চিত করতে চায় রিয়াদ। সংবেদনশীল ও প্রকাশ্যে আলোচিত নয়Ñএমন আলোচনা নিয়ে কথা বলায় ওই কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন।
সৌদি পরিকল্পনার সঙ্গে পরিচিত তৃতীয় একটি সূত্রও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তিনটি সূত্রই বলেছে, ইরানকে ঘিরে বৃহত্তর যুদ্ধের অবসানে কোনো চুক্তি হলে ইয়েমেনের সংঘাতও কমে আসতে পারে।
তৃতীয় সূত্রটি আরও জানিয়েছে, সৌদি আরব মনে করছে, ইয়েমেনে তাদের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি আক্রমণাত্মক সহায়তা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন পর্যন্ত এ ধরনের সহায়তা দেয়নি। যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া গেলে কয়েক সপ্তাহের মধ্যেই সৌদি সমর্থিত বাহিনী কাক্সিক্ষত অগ্রগতি অর্জন করতে পারে বলে মনে করছে রিয়াদ।
পশ্চিমা কর্মকর্তাদের বর্ণনা অনুযায়ী, সৌদি কর্মকর্তাদের এসব মূল্যায়ন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

যুদ্ধক্ষেত্রে একের পর এক বিপর্যয়
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব প্রথম সরাসরি যুদ্ধে জড়ায় ২০১৫ সালে। সে সময় দেশটির নেতৃত্বে একটি আরব জোট গঠন করা হয়। হুতিরা রাজধানী সানা এবং দেশের বড় অংশ দখল করে নেয়ার পর ইয়েমেনের সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনাই ছিল জোটের লক্ষ্য।
দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইয়ের পর কোনো পক্ষই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি। ২০২২ সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা চলতি বছরের গ্রীষ্মকাল পর্যন্ত স্থায়ী ছিল।
নতুন করে লড়াই শুরু হওয়ার পর হুতিরা লোহিত সাগরের উপকূলীয় এলাকা এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি সৌদি সমর্থিত বাহিনীর কাছ থেকে দখল করে নিয়েছে। একই সঙ্গে দক্ষিণ উপকূলে ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেনের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত তাইজ শহর অবরুদ্ধ করে রেখেছে তারা।
গত মাসে ইয়েমেনের সরকারি বাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে প্রণালির আশপাশের কিছু এলাকা পুনর্দখল করেছিল। কিন্তু গত সপ্তাহের শেষ দিকে এডেনকে রক্ষার জন্য তাদের সেখান থেকে পিছু হটতে হয়। সামরিক দিক থেকে এটি সৌদি সমর্থিত বাহিনীর জন্য বড় ধাক্কা।

পশ্চিমা কর্মকর্তাদের একজন জানিয়েছেন, সৌদি ও ইয়েমেনি বাহিনী এখন নতুন করে সংগঠিত হচ্ছে। হুতিদের অগ্রযাত্রা থেকে এডেনকে রক্ষা করার পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি পূর্বাঞ্চলীয় ফ্রন্টে অভিযান সরিয়ে নেয়ার বিষয়টিও বিবেচনা করছে তারা। ওই অঞ্চলে সৌদি সমর্থিত বাহিনী কিছু অগ্রগতি অর্জন করেছে অথবা নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে।
সোমবার সৌদি ঘোষণা করেছে, দেশটির নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানের দায়িত্বে থাকা কমান্ডারকে পরিবর্তন করা হয়েছে। পরিকল্পনার সঙ্গে পরিচিত দুই ব্যক্তির তথ্য অনুযায়ী, ইয়েমেন সরকারও সামরিক নেতৃত্বে রদবদল করতে যাচ্ছে।

সৌদি শহরে হামলা, বদলেছে যুদ্ধের বয়ান
হুতিদের বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া সংঘাতকে এত দিন ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে সৌদি। রিয়াদের অবস্থান ছিল, তারা ইয়েমেনের মিত্রদের সহায়তা করছে এবং সীমান্তপারের হামলা থেকে নিজেদের রক্ষা করছে; কিন্তু সরাসরি এই যুদ্ধের পূর্ণাঙ্গ পক্ষ নয়।
তবে সৌদি শহরগুলোতে বারবার বড় ধরনের হামলার কারণে এ অবস্থান ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। ফলে সংবাদমাধ্যম থেকে শুরু করে মসজিদের খুতবা-বিভিন্ন জায়গায় যুদ্ধ নিয়ে সৌদি জনসমক্ষে দেয়া বক্তব্যে পরিবর্তন এসেছে।

গত সপ্তাহে হুতিদের একটি হামলায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর রিয়াদে অবস্থিত সুউচ্চ সদর দপ্তরে বড় ধরনের গর্ত তৈরি হয়। এর আগে রিয়াদের বিমানবন্দরে ধারাবাহিক প্রাণঘাতী হামলার কারণে অক্টোবর থেকে অধিকাংশ ফ্লাইট বন্ধ রয়েছে।
এসব হামলার প্রভাব পড়েছে সৌদি আরবের আন্তর্জাতিক আয়োজনগুলোর ওপরও। দেশটির প্রধান বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) বাতিল অথবা পিছিয়ে দিতে হয়েছে। বিশ্ব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবে আয়োজনের কথা ছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এশিয়ান কাপের।
২০২৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিযোগিতাটি পিছিয়ে ওই বছরের ডিসেম্বর করা হয়েছে।
গত মাস থেকে সৌদি কর্তৃপক্ষ হামলার আশঙ্কা দেখা দিলে নিয়মিত সতর্কবার্তা দিচ্ছে। হামলার পরও আগের তুলনায় বিস্তারিত বিবৃতি প্রকাশ করছে তারা। আগে এ ধরনের ঘটনায় তুলনামূলক সীমিত তথ্য প্রকাশ করা হতো।

আইন অনুযায়ী, হামলার পরিণতির ছবি বা ভিডিও ছড়িয়ে দেয়ার ওপর বিধিনিষেধ রয়েছে। তবে আরামকোর ভবনে হামলার দুই দিন পর রিয়াদের ডেপুটি গভর্নর ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করা হয়।
যুদ্ধ নিয়ে জনমত গঠনের প্রচেষ্টা মসজিদগুলোতেও বিস্তৃত হয়েছে। সৌদি সরকার মসজিদের খুতবার বিষয়বস্তু নির্ধারণে দিকনির্দেশনা দিয়ে থাকে। সাধারণত এসব খুতবায় বিয়ে, প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব বজায় রাখা কিংবা দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
কিন্তু গত সপ্তাহের শুক্রবার রিয়াদের বড় একটি মসজিদের খুতবার পুরোটা জুড়েই ছিল হুতিদের সঙ্গে সংঘাত। ইমাম যোদ্ধাদের জন্য ‘বিজয় অথবা শাহাদাত’ কামনা করেন এবং সৌদি আরবের দক্ষিণ সীমান্তে দায়িত্ব পালনরত সেনাদের জন্য দোয়া করেন।

তিনি বলেন, ‘হে আল্লাহ, তাদের লক্ষ্য অবিচল রাখুন, তাদের পা দৃঢ় করুন এবং যারা তাদের প্রতি শত্রুতা প্রদর্শন করে, তাদের বিরুদ্ধে বিজয় দান করুন।’
এভাবে যুদ্ধের মেয়াদ বাড়ানোর প্রস্তুতি এবং জনসমক্ষে সংঘাতের বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরার মধ্য দিয়ে ইয়েমেনে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের পথে এগোচ্ছে সৌদি আরব।
তবে ইরানকে ঘিরে বৃহত্তর যুদ্ধের অবসানে কোনো সমঝোতা হলে ইয়েমেনের সংঘাতের গতিপথও বদলে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।