দেড় দশকে অর্থনীতি পঙ্গু করার প্রভাব সরকারকে বহন করতে হচ্ছে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

গ্রুপ বীমা চুক্তি নবায়ন ও চেক হস্তান্তর

দেড় দশকে অর্থনীতি পঙ্গু করার প্রভাব সরকারকে বহন করতে হচ্ছে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

ফন্ট সাইজ:

গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। কিন্তু সেই সময়ের অর্থনৈতিক অনিয়ম ও দুরাবস্থার প্রভাব বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক ও বীমা খাতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বীমা খাতের অনিয়ম, অব্যবস্থাপনা ও জবাবদিহির অভাব অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র সঙ্গে ডিআরইউর গ্রুপ বীমা চুক্তি নবায়ন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিতুমীর বলেন, দেশের ব্যাংকিং খাতের অনিয়ম ও লুটপাট নিয়ে আলোচনা হলেও বীমা খাতের সংকট তুলনামূলকভাবে আড়ালে থেকে যাচ্ছে। অথচ এ খাতেও গ্রাহকদের স্বার্থ রক্ষা ও বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, শুধু ‘বীমা খাতে ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি’এ ধরনের শিরোনাম করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কেন এত বিপুল পরিমাণ দাবি অনিষ্পন্ন রয়েছে, এর জন্য কারা দায়ী এবং কীভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলোও তথ্য-প্রমাণের ভিত্তিতে সামনে আনতে হবে।
তিনি বলেন, বীমা খাতের এই চিত্র শুধু কোনো একটি সরকারের বিষয় নয়; এটি রাষ্ট্র ও জনগণের স্বার্থের সঙ্গে সম্পর্কিত। জনগণের অর্থ কোথায় যাচ্ছে, কীভাবে ব্যয় হচ্ছে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছতা থাকা জরুরি। জনগণের করের টাকা দিয়ে আর্থিক খাতের দুর্বল প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার বিষয়েও প্রশ্ন তোলা প্রয়োজন।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিতুমীর বলেন, গত দেড় দশকে দেশের অর্থনীতিকে এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, যার প্রভাব এই সরকারকে বহন করতে হচ্ছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বৈদেশিক ঋণ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ের তুলনায় ওই সময়ে ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব ঋণের সুদ ও আসল পরিশোধের দায় শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে।
তিনি বলেন, ব্যাংক, বীমা ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। আর্থিক খাতের সংকট মোকাবিলায় জনগণের অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। কোনো একটি রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থে এসব তথ্য জনগণের সামনে প্রকাশ করা জরুরি।
ডিআরইউর উদ্যোগের প্রশংসা করে প্রধান অতিথি বলেন, সাংবাদিকদের বিভিন্ন পেশাগত সংগঠনের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার যে প্রত্যাশা রয়েছে, ডিআরইউ তা ধরে রেখেছে। বিভাজনের ঊর্ধ্বে থেকে সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রশংসনীয়। একইভাবে দেশের আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক ও পেশাগত পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে ডিআরইউর সঙ্গে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের এক বছরের জন্য গ্রুপ বীমা চুক্তি নবায়ন করা হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এ সময় পূর্ববর্তী চুক্তির আওতায় ডিআরইউ সদস্য আবু হেনা রাসেলের পরিবারের হাতে মৃত্যুদাবি বাবদ তিন লাখ টাকা এবং সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বীমা দাবির বিপরীতে ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন ও কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি।