হোমিওপ্যাথিক ওষুধকে মাদক আইনে অযৌক্তিক অন্তর্ভুক্তি থেকে অব্যাহতি, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পূর্ণাঙ্গ কাঠামো গঠন, ডিএইচএমএস চিকিৎসকদের সরকারি চাকরির সুযোগ সৃষ্টি এবং ‘হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩’-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ চার দফা দাবি জানিয়েছে ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন।
বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. মজিবুল্যাহ মজিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিকল্প চিকিৎসা শিক্ষার অন্যতম বৃহৎ অংশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোর বর্তমান প্রশাসনিক জটিলতা ও আইন বাস্তবায়নের ধীরগতির কারণে ওষুধ ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এই সংকট নিরসনে আয়োজিত কর্মসূচি থেকে সরকারের নিকট চার দফা জরুরি দাবি পেশ করা হয়।
তাদের চার দাবি হলো— মাদক আইনে হোমিওপ্যাথিক ওষুধের অন্তর্ভুক্তি বাতিল: হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ওষুধের স্বাভাবিক আমদানি কার্যক্রম সুরক্ষা এবং রেকটিফাইড স্পিরিট (ইথাইল অ্যালকোহল) আমদানি, সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে সহজ, সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন; হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পূর্ণাঙ্গ কাঠামো গঠন: বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ দ্রুত গঠন এবং এতে ডিএইচএমএস চিকিৎসকদের যথাযথ প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করা; ডিএইচএমএস চিকিৎসকদের সরকারি চাকরির সুযোগ সৃষ্টি: সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ডিএইচএমএস ডিগ্রিধারী চিকিৎসকদের জন্য পৃথক পদ সৃষ্টি, প্রয়োজনীয় জনবল কাঠামো প্রণয়ন এবং জেলা ও উপজেলা পর্যায়ে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে যোগ্যতাভিত্তিক নিয়োগের ব্যবস্থা করা এবং শিক্ষক-কর্মচারীদের শতভাগ সরকারি বেতন নিশ্চিত করা: বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের বেতনসংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় জনবল কাঠামো ও নীতিমালা প্রণয়ন এবং সরকারি রাজস্ব খাত থেকে শতভাগ বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা করা।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঠিক দিকনির্দেশনা ও দ্রুত পদক্ষেপই পারে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার এই সংকট থেকে উত্তরণ ঘটাতে। তাই হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে অবিলম্বে চার দফা দাবি জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সম্মিলিত হোমিওপ্যাথিক জোট ও জাসাসের সাবেক সভাপতি ডা. আরিফুর রহমান মোল্লা, এইচড্যাবের সভাপতি ডা. শফিকুল আলম নাদিম, হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড মেডিসিনাল প্লান্ট ইম্পোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. মোস্তাক আহমেদ বিন হোসাইন, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নাসির উদ্দিন শেখ, নরসিংদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. শফিকুল ইসলাম সরকার স্বপন, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির (হোমেকশিস) সভাপতি ডা. মো. খলিলুর রহমান, এইচড্যাবের মহাসচিব ডা. এ কে এম জাকির হোসেন মিয়া, হোমিও জাতীয় ঐক্য জোটের আহ্বায়ক ডা. শাহজালাল আহমেদ, তানজিম মেডিকেল হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডা. আশরাফুর রহমান, হোমেকশিসের সিনিয়র সহ-সভাপতি ডা. সামছুজ্জোহা আলম এবং উত্তরা মেডিকেল হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল আলিম প্রমুখ।
