জেলে বাবা, মাঠে আলো ছড়াচ্ছেন ব্রাজিলের কিশোর

জেলে বাবা, মাঠে আলো ছড়াচ্ছেন ব্রাজিলের কিশোর

ফন্ট সাইজ:

একজনের ঠিকানা অন্ধকার কারাগার, অন্যজনের বিশ্বজয়ের হাতছানি সবুজ ঘাসের উইন্ডোতে। একই সময়ে দুই ভুবনে জীবন কাটাচ্ছেন বাবা ও ছেলে। একসময়ের বিশ্বমাতানো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিও ধর্ষণ মামলায় ৯ বছরের কারাদণ্ড নিয়ে বর্তমানে সাও পাওলোর কারাগারে দিন কাটাচ্ছেন। আর ঠিক সেই কারাগারের বাইরে দাঁড়িয়ে বাবার নামের ভার মাথায় নিয়ে নিজের ভাগ্য নিজেই গড়ছেন ১৮ বছর বয়সী তরুণ রবিনিও জুনিয়র। সম্প্রতি পেরুর অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের জার্সিতে অভিষেকেই জোড়া গোল করে নিজের অপ্রতিরোধ্য আগমনী বার্তা দিয়েছেন এই ফরোয়ার্ড।

২০০৭ সালের ১৭ ডিসেম্বর সান্তোসে জন্ম নেওয়া জুনিয়র ২০২২ সালে মাত্র ১৫ বছর বয়সে সান্তোসের বয়সভিত্তিক দলে যোগ দেন। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পর ২০২৫ সালে মূল দলের ৭ নম্বর জার্সি গায়ে জড়ান তিনি—যে জার্সিতে একসময় জাদু দেখিয়েছিলেন তার বাবা। গত বছরের জুলাইয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পর গত এপ্রিলে ২০৩১ সাল পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করে ক্লাবটির অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হন এই সেনসেশন।

সান্তোসে কোচের সঙ্গে কিছু জটিলতা ও পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়ায় গত সেপ্টেম্বর মাসে ইতালিয়ান সিরি ‘আ’র ক্লাব জেনোয়ায় এক মৌসুমের জন্য ধারে যোগ দেন তিনি। চুক্তির মেয়াদ শেষে তাকে স্থায়ীভাবে কেনার সুযোগও রাখছে ইতালিয়ান ক্লাবটি। এমনকি মায়ের ইতালিয়ান নাগরিকত্বের সুবাদে চাইলে ভবিষ্যতে ইতালির জার্সিতেও খেলার সুযোগ খোলা রেখেছেন এই ফরোয়ার্ড।​