মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুর মহানগরের মালিকের বাড়ি থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় টিয়ারসেল ও সাউন্ড ছোড়ে।
যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ছুটি ঘোষণা দেওয়া হয় আশপাশের অনেক কারখানায়।
শ্রমিক অসন্তোষের মুখে আজ গাছা ও বাসন সড়ক এলাকায় বোর্ডবাজার থেকে শুরু করে চান্দনা চৌরাস্তা পর্যন্ত অনেক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ৩৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিন সকালে কয়েকটি স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার তাদের ছত্রভঙ্গ করে দেয়। এক জায়গায় ছত্রভঙ্গ করলে আরেক জায়গায় অবরোধ সৃষ্টি করেন। শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করে সড়কে আগুন জ্বালিয়ে কয়েকটি স্থানে অবরোধ করেন। এ সময় হারিকেন ফ্যাক্টরি এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় পোশাকশ্রমিকেরা।
