নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পার্কিং করা স্টাফ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে দু’জন বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে রোডে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন রাস্তার ওপর ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস পার্ক করা ছিল। দু’জন একটি মোটরসাইকেলে করে এসে ফাঁকা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসের ভেতরে কেউ না থাকায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা ওই বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসটি মূলত বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহার হতো বলে আমরা জানতে পেরেছি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।’
