বাংলাদেশে প্রথমবারের মতো নতুন ড্রোন তৈরি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে দেশের তরুণদের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতার বিকাশ ঘটছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার সকালে কর্ণফুলী উপজেলা অডিটোরিয়ামে শুরু হওয়া এ বিতর্ক উৎসবের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার রিদুয়ানুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, ‘আমাদের একমাত্র সম্পদ হচ্ছে তরুণ প্রজন্ম, আমাদের মেধাবী প্রজন্ম। তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে আগামী দিনের বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে। বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে তরুণরা যেভাবে এগিয়ে যাচ্ছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান ও বিতর্ক উৎসবের মডারেটর সাইফুদ্দীন মুন্না, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইয়াসির সিলমীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা আকতার এবং প্রতিদ্বন্দ্বী দুই বিদ্যালয়ের (দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ) প্রধান শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এর আগে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী ও প্রতিনিধি শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী একটি বিশেষ প্রস্তুতিমূলক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৪টি বিদ্যালয়ের বিতর্ক দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত নকআউট ও বাছাইপর্ব পেরিয়ে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ চূড়ান্ত পর্বে উন্নীত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ফাইনাল রাউন্ডে দুই দলের বিতার্কিকদের যুক্তি-তর্ক উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্ণফুলী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের প্রতিনিধিবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
তরুণ প্রজন্মই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ: ডিসি জাহিদুল ইসলাম
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলারজমিন
১৪ মিনিট আগে
১৭ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ১০ঃ১৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
