খুলনায় ভ্যানে করে নিজ বাসার সামনে পৌঁছানো মাত্রই গুলি, আহত ২

ফন্ট সাইজ:

খুলনার আড়ংঘাটায় গুলিতে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-আড়ংঘাটা এলাকার সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫)। তাদের শরীরে গুলির পাশাপাশি একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান শেখ পেশায় একজন ঘের ব্যবসায়ী এবং মো. খালেক একজন ভ্যানচালক। তারা দু’জন ভ্যানে করে নিজ বাসার সামনে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সোলায়মান শেখের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাম হাতে গুলি লাগে। এছাড়া দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোলায়মান শেখের গলা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কী কারণে কারা তাদের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আড়ংঘাটা থানা পুলিশের ওসি তদন্ত মো. মনিরুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা সোলায়মান শেখকে লক্ষ্য করে গুলি করে। এ সময়ে তার পায়ে, হাতে ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’