রূপপুরের বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

রূপপুরের বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

ফন্ট সাইজ:

দেশের বিদ্যুৎ খাতে নতুন যুগের সূচনা হলো। প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ। মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না কেন্দ্রটি; মূলত কারিগরি পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই এই সংযোগ দেয়া হয়েছে।
সংযোগ কার্যক্রমের সময় সেখানে উপস্থিত ছিলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় কেন্দ্রটির টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার স্থিতিশীলতা যাচাই করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত হয়ে পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।
বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পরীক্ষামূলক এই পর্যায়ে পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। এ কারণে বিভিন্ন সময় প্রথম ইউনিটটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে এবং উৎপাদন কমানো বা বাড়ানো হবে। তবে গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষামূলক পর্যায়ে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সরবরাহ সম্ভব হবে না। উৎপাদনের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা পরিস্থিতি নজরদারি করবেন।
উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে শতভাগে উন্নীত করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) অনুমোদন প্রয়োজন হবে। পরীক্ষার ফলাফলের প্রতিবেদন বায়রার কাছে জমা দেয়ার পর তাদের অনুমোদন সাপেক্ষে সক্ষমতা বাড়ানোর কাজ চলবে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্যদিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে নাম লেখালো বাংলাদেশ। এর আগে ২০২৩ সালের অক্টোবরে দেশে পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর রূপপুর কেন্দ্রটি পারমাণবিক স্থাপনার স্বীকৃতি পায়।

উল্লেখ্য, দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই একক প্রকল্প বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাস্তবায়ন করছে এবং পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দু’টি ইউনিটের এই প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে ব্যয় ২৬ হাজার কোটি টাকা বেড়ে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকায়।