বিএনপি’র বর্ষীয়ান নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের এই সংসদ সদস্য। গত ১৪ই নভেম্বর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। মঙ্গলবার জাতীয় সংসদকে এই তথ্য জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে ওসমান ফারুকের আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার।
অসুস্থতার কারণ দেখিয়ে এই প্রথম সরকারদলীয় কোনো সংসদ সদস্য পদত্যাগ করেছেন। এর আগে রাড্ডা ভাঙচুর কাণ্ডে পদত্যাগ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
ওসমান ফারুকের পদত্যাগের বিষয়ে অধিবেশনের শুরুতেই স্পিকার বলেন, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ই নভেম্বর ২০২৬ তারিখ থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেন। পদত্যাগপত্রটি আমি ১৫ই নভেম্বর ২০২৬ তারিখে পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্রপ্রাপ্ত হওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ই নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।
পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক: পদত্যাগপত্রে ওসমান ফারুক লিখেছেন, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদ থেকে আগামী ১৪ই নভেম্বর ২০২৬ তারিখে কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত আপনাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করছি। আপনি হয়তো ইতিমধ্যেই অবগত আছেন যে, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছি। এই পরিস্থিতিতে আমার স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।
এই সিদ্ধান্ত গ্রহণ করা আমার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে আমি গভীরভাবে মর্মাহত। আমি আন্তরিকভাবে আশা করি, আমার এই সিদ্ধান্তে আপনি, জাতীয় সংসদে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় কিশোরগঞ্জবাসী হতাশ হবেন না। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের এক বিরাট সম্মান ও গৌরবের বিষয়। একসঙ্গে দায়িত্ব পালনকালে আপনার আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় হতাশ হয়েছিলেন চারদলীয় জোট সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা ওসমান ফারুক। তবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে অংশ নিয়েছিলেন তিনি। এরপর দেশে অবস্থানকালে স্ট্রোকে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ২০শে আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনেও ভোট দেননি তিনি।
উল্লেখ্য, ড. ওসমান ফারুক ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়নে কিশোরগঞ্জ-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের আমলে সফলতার সঙ্গে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক ক্যারিয়ারে তিনি দীর্ঘকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। ২০২৫ সালের অক্টোবরে দেশে ফিরে পুনরায় রাজনীতিতে সক্রিয় হন এই প্রবীণ নেতা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেন এবং সংসদের প্রবীণতম সদস্য হিসেবে শপথ নেন। ৮৬ বছর বয়সী এই রাজনীতিবিদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসা ও বিশ্রামের প্রয়োজনে গত ১৪ই নভেম্বর তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
৯০ দিনের মধ্যে উপনির্বাচন
ওদিকে কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান। ইসি মাছউদ বলেন, আইনের বাধ্যবাধকতা আছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করবো।
