ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান পোশাকশিল্প শ্রমিকদের আন্দোলন থামছে না। গতকালও রাজধানীর মিরপুর, গাজীপুরের কয়েকটি এলাকা এবং সাভারে বিক্ষোভ ও শ্রমিক অবরোধের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসব ঘটনায় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়াও বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়। গাজীপুরে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে একজন সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। এসব ঘটনায় অর্ধশত কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। নিষিদ্ধ সংগঠন পরিকল্পিতভাবে গার্মেন্টস খাত ও সরকারকে বেকায়দায় ফেলতে এসব অপতৎপরতা করাচ্ছে বলে অভিযোগ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
মজুরি বোর্ডের সভা স্থগিত, ক্ষুব্ধ শ্রমিকরা
পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষের পেছনে অন্যতম কারণ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়া। গত সোমবার ঢাকার শ্রম ভবনে বোর্ডের সভা হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেয়ার কথা ছিল। কিন্তু সভা শুরুর কয়েক ঘণ্টা আগে অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিত করা হয়। মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি শ্রমিক নেতা বাবুল আখতার জানান, বোর্ডের চেয়ারম্যান তাকে ফোনে সভা স্থগিতের বিষয়টি জানান। তার কাছে সভা স্থগিতের কারণ হিসেবে স্থায়ী শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতা, চলমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রম অসন্তোষের কথা বলা হয়েছিল। তবে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন জানান, তারা সভায় মজুরি প্রস্তাব জমা দেয়ার জন্য প্রস্তুত ছিলেন। দ্রুত নতুন তারিখ ঘোষণা করে মজুরি বোর্ডের কার্যক্রম শেষ করার আহ্বান জানান তিনি। সভা স্থগিতের ঘটনায় শ্রমিক নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের দাবি, মালিকপক্ষের মজুরি প্রস্তাব দ্রুত জমা দিতে হবে এবং বোর্ডের কার্যক্রম বিলম্ব না করে শেষ করতে হবে। শ্রমিক প্রতিনিধিরা মনে করছেন, সভা পিছিয়ে যাওয়ায় নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। এদিকে স্থগিত হওয়া সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩শে নভেম্বর। ওইদিন বেলা সাড়ে ১১টায় শ্রম ভবনে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মিরপুরে ১২ দিন পর বিক্ষোভের চেষ্টা
সবশেষ ৪ঠা নভেম্বর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করে পোশাক শ্রমিকরা। কিন্তু পুলিশের শক্ত অবস্থানের কারণে নামতে পারেন নি তারা। এরপর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়। কারখানাগুলো খুলতে শুরু করে। কাজের পরিবেশও স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু ১২ দিন পর গতকাল ফের মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন শ্রমিকরা। কিন্তু এদিনও পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টায় পল্লবী থানার সেকশন-৭ এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ সময় অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান নেয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাদেরকে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেন। এর পর পরই মিরপুর-১ নম্বর এলাকায় কয়েকশ’ শ্রমিক জড়ো হয়ে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে অগ্রসর হন। মিরপুর মডেল থানার সামনে গেলে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় শ্রমিকরা সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরে যেতে বলে। কিন্তু আন্দোলনকরীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে মিরপুর-২ থেকে মিরপুর-১০ অভিমুখে শ্রমিকদের আরেকটি মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
জোর করে আন্দোলনে নেয়ার অভিযোগ:
বেশ কিছু কারখানার শ্রমিকরা আন্দোলনে না গিয়ে কাজে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু অন্য কারখানা থেকে শ্রমিকরা মিছিল নিয়ে এসে তাদেরকেও আন্দোলনে যোগ দিতে বাধ্য করে। কারখানা চালু রাখলে চালানো হয় হামলা-ভাঙচুর। নাম প্রকাশে অনিচ্ছুক মার্ক লিমিটেডের এক শ্রমিক বলেন, আমাদের সকল শ্রমিকরা সকালে কারখানায় এসে কাজে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় একদল শ্রমিক কারখানার নিচে এসে বিক্ষোভ শুরু করেন। কারখানা চালু রাখলে হামলা চালানোর হুমকি দেয়। পরে তাদের কারখানা থেকে সবাই বের হয়ে আসতে বাধ্য হয়। ওই শ্রমিক বলেন, আমরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করি। শ্রমিকদের বেতন বাড়ানো কিংবা দ্রব্যমূল্য কমানোর দাবির সঙ্গে আমিও একমত। কিন্তু আন্দোলনের কারণে আমরা কাজ করতে পারছি না। এভাবে চললে মালিকপক্ষ আমাদের বেতন কীভাবে দেবে? সংসার চলবে কীভাবে? এসব নিয়ে দুশ্চিন্তায় আছি। তিনি বলেন, আন্দোলনে অনেক সময় প্রকৃত শ্রমিকদের পাশাপাশি হকার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোকজনও যুক্ত হচ্ছেন। এ কারণেই আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে।
এ প্রসঙ্গে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল ৮টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে তাদের শান্তি ও শৃঙ্খলাপূর্ণভাবে আন্দোলন করার জন্য বলে। একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে মাইকিং করা হয়। পরে তারা সেখান থেকে চলে যান। ডিএমপি’র মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে কয়েকশ’ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ থেকে ১০ নম্বরের দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় তাদের হাতের লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়। কিন্তু তারা পুলিশের অনুরোধ না শুনে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। জনদুর্ভোগ কমানো ও জানমালের নিরাপত্তার স্বার্থে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।
গাজীপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ, নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার অভিযোগ
সকালে পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দফায় দফায় মহাসড়ক অবরোধ এবং শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনার সময় একজন সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। এর জেরে ভোগড়া, চান্দনা চৌরাস্তা, নলজানি ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কারখানা ছুটি ঘোষণা করা হয়। দুপুরে শ্রমিক অসন্তোষ কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা, সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ও শ্রীপুর উপজেলার গড়গড়িয়া এলাকায় ছড়িয়ে যায়। সকালে ভোগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় কর্তৃপক্ষ পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থল থেকে বের হয়ে নগরীর ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও আশপাশের কয়েকটি স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে ও আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করেন।
এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সড়কে এই পরিস্থিতি কয়েকটি জায়গায় চলে কয়েক দফা। অন্যদিকে, ঢাকা-গাজীপুর সড়কের নলজানি, লক্ষ্মীপুর এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করলে ওই সড়কে যান চলাচলে ব্যাহত হয়। সেখানেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুপুরে জেলা সদরের বাঘের বাজার, শিরিরচালা এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বাঘেরবাজার এলাকায় দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে শ্রমিকেরা অবরোধ করে। তাৎক্ষণিকভাবে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এদিকে, সকালে গাজীপুর মহানগরের নাওজোর, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকার পরিস্থিতি অন্য দিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক ছিল। তবে দুপুরে গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় ফের মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। দুপুর আড়াইটার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার এপেক্স গ্যালারি সড়কে এ ঘটনা ঘটে। এর আগে কিছু শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। দুপুরে কয়েক ধাপে টঙ্গীর গাজীপুরা, সাতাইশ এলাকার অনেক কারখানা ছুটি ঘোষণা করা হয়। কারখানা ছুটির পর শ্রমিকেরা টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ তাদের টিয়ার শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এ প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ বলেন, কয়েকটি কারখানায় ছুটি দেয়া হলে শ্রমিকরা ভোগড়া বাইপাস, গাজীপুর চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে ব্যারিকেড দেয়ার চেষ্টা করেন। আমাদের মহানগর পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এসআরবি, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে আমরা তাদের ছত্রভঙ্গ করে দেই। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন পরিকল্পিতভাবে গার্মেন্টস খাত ও সরকারকে বেকায়দায় ফেলতে এসব করছে। এটা একেবারেই কাম্য নয়। শ্রমিকরা কাজ করতে ইচ্ছুক। তারা ইচ্ছা পোষণ করে, কিন্তু একটি গোষ্ঠী বিভিন্ন উস্কানির মাধ্যমে অপতৎপরতাগুলো করাচ্ছে।
উত্তপ্ত সাভার-আশুলিয়ায় ৮০ কারখানা ছুটি: টানা দুইদিন শান্ত থাকার পর আবারো উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এসব ঘটনায় অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় ও বাগবাড়ী এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় স্ট্যান্ডার্ড গ্রুপের সামস স্টাইলিং, দি সিভিল ইঞ্জিনিয়ার ও দি সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন কারখানার শ্রমিকদের আন্দোলনে অংশ নিতে দেখা যায়। একপর্যায়ে তারা হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে টায়ার ও কারখানার বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেয়ার আহ্বান জানান। এ সময় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা কয়েক দফায় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তবে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে আবারো সড়কে জড়ো হওয়ার চেষ্টা করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একইসময়ে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। পরে সকাল ১০টার দিকে খেজুরবাগান এলাকাতেও শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করে। সেখানে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। হেমায়েতপুরের আশপাশের কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও কারখানার ভেতরে কর্মবিরতি পালন করে। সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভের ধারাবাহিকতায় বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী পোশাক শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। পরে দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, শ্রমিকরা ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিল। তাদের বুঝিয়ে দুপুর সোয়া ১২টার দিকে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, মঙ্গলবার শ্রমিক বিক্ষোভের ঘটনায় সাভার-আশুলিয়ায় অন্তত ৮০টি শিল্পকারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ৮টি কারখানা। শিল্পাঞ্চলে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
