ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এদিন সন্ধ্যা ৬টার দিকে সাঈদ খোকনকে কড়া পাহারায় আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি’র রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার রোড-৯, বাসা নম্বর ১৩ থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১। পরে সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ঠা আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালিব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে ২৬শে আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমণ্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। মামলায় সাঈদ খোকন এজাহারনামীয় ২৯ নম্বর আসামি।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন, তার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালান এবং তিনি অর্থ ও অস্ত্র জোগান দিয়েছেন। এতে আরও বলা হয়, সরকার পতনের পরও তিনি ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেছেন এবং পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
শুনানিকালে সন্ধ্যা ৬টার দিকে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে রিমান্ডে চাওয়ার কারণ তুলে ধরেন। রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবী আবু সাইদ সাগর তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।
ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান: এদিন বিকালে সাঈদ খোকনকে আদালতে নেয়ার খবরে ঝাড়ু হাতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করে। তারা ঝাড়ু উঁচিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। সন্ধ্যায় সাঈদ খোকনকে আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধ জনতা ও ছাত্রদলের নেতাকর্মীরা তার প্রিজনভ্যানে ঝাড়ুপেটা করে। এ সময় তারা ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন। শুনানি শেষে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৩ থেকে ৪ মাস ধরে সাঈদ খোকন বারিধারায় ওই বাসাটিতে যাওয়া-আসা করতেন। এর আগেও ডিবি তাকে গ্রেপ্তারের চেষ্টা করেছিল ওই ভবনে। ভবনটির দ্বিতীয় তলায় তার মা বসবাস করতেন, আর অষ্টম তলায় তার বোন বসবাস করতেন। বাসা থেকে বের হতেন না সাঈদ খোকন। খাবার অর্ডার দিতেন অনলাইনে। মাঝে মাঝে কিছু লোকজন তার কাছে দেখা করতে আসতো। গ্রেপ্তার এড়াতে নিজের দাঁড়ি চুল বড় করে রাখেন। গত ৩ মাসে আগে তার মায়ের ফ্ল্যাটে ডিবি অভিযান চালালে তিনি অষ্টম তলায় তার বোনের বাসায় গিয়ে উঠেন। এরপর থেকে পুরো ভবনটিকে নজরে রাখে ডিবি। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। ডিবি সূত্র জানায়, সাঈদ খোকনের বিরুদ্ধে প্রায় ৩০টির মতো মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা ২১টি। এ ছাড়াও অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারের একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এসআরবি’র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী মানবজমিনকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বারিধারার ওই বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি-১। পরে তাকে ডিবি’র হাতে হস্তান্তর করা হয়।
আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা: জুলাই আন্দোলনে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে তোলার সময় তাকে বহনকারী প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল ও ডিম নিক্ষেপ করেছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে শুনানি শেষে সাঈদ খোকনের আইনজীবী এডভোকেট শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলা চালান উপস্থিত ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ ঘটনা ঘটে।
হামলার শিকার এডভোকেট শামীম আল সাইফুল সোহাগ যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও ভিডিও ফুটেজে দেখা যায়, শুনানি শেষে আদালত প্রাঙ্গণে প্রচণ্ড হট্টগোল ও ধস্তাধস্তির এক পর্যায়ে কয়েকজন মিলে এডভোকেট সোহাগকে হাত-পায়ে ধরে চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণ থেকে উঠিয়ে নিয়ে যান।
ঘটনার সময় আদালত প্রাঙ্গণে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের ‘লীগ ধর, জেলে ভর’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে একজনকে ক্ষোভ প্রকাশ করে চিৎকার করে বলতে শোনা যায়, “হাসিনার দালালি করতাছো! ৩০-এর অধিক মামলা খাইছি আমরা। আমরা জেল খাটছি। জেলখানায় থাকা অবস্থায় আমাদের বাবা-মা মারা গেছে, যাইতে পারি নাই এদের জন্য! আজকে এইখানে আইসা অসুস্থতা দেখায়!”
অন্যদিকে, হামলার মুখে এডভোকেট সোহাগ নিজেকে রক্ষার আকুতি জানিয়ে বলেন, “ভাই, মেরে ফেলবে আমারে, ভাই মেরে ফেলবে!” এ সময় তার সহকর্মী আইনজীবীরা তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং হামলাকারীদের উদ্দেশ্যে বলেন, “গায়ে হাত তুলতে পারেন না আপনারা! ভাই, উনি আমাদের আইনজীবী, উনি কোর্টে ছিল, ওনার পাওয়ারে নাম আছে! ফাস্টেই সাগর স্যারের পরে ওনার নাম আছে! প্লিজ ছেড়ে দিন, উনি কোর্টে আসবে না।” এক নারী কণ্ঠকেও অনুরোধ করে বলতে শোনা যায়, “ছেড়ে দাও ভাই। তুমি তো আমারে চিনো! আমি কোনোদিন তোমারে অনুরোধ করছি? আজকে করতেছি, প্লিজ ছেড়ে দাও!” ঘটনাস্থলে ভিডিও ধারণ ও লাইভ চলাকালে উপস্থিত কয়েকজন সাংবাদিক ও ব্যক্তির মোবাইল কেড়ে নেয়া বা লাইভ বন্ধ করে দেয়ার অভিযোগও ওঠে।
