মজুরি বোর্ড বসবে আগামী সোমবার

ফন্ট সাইজ:

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্ন্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সোমবার (২৩শে নভেম্বর) মজুরি বোর্ডের তৃতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হবে। শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আগের নির্ধারিত সভা স্থগিত করা হয়েছিল।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ন্যূনতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩শে নভেম্বর বেলা সাড়ে ১১টায় রাজধানীতে বোর্ডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানি সভায় সভাপতিত্ব করবেন। সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা তাদের আনুষ্ঠানিক মজুরি প্রস্তাব জমা দেবেন। পাশাপাশি তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা হবে। এর আগে সোমবার বোর্ডের শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সভাটি স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায় শ্রম অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।

এদিকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সোমবার এক যৌথ বিবৃতিতে জানায়, মজুরি প্রস্তাব দেয়ার জন্য মালিকপক্ষ পুরোপুরি প্রস্তুত ছিল। সে অনুযায়ী প্রস্তুতি নেয়ার জন্য কারখানার মালিকদের পর্যাপ্ত সময় দিতে দ্রুত সভার নতুন তারিখ ঘোষণার অনুরোধ জানিয়েছিলেন তারা।

এর আগে ১৬ই নভেম্বর নির্ধারিত বোর্ড সভাটি অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়। পরে বোর্ডের কার্যক্রমের অংশ হিসেবে ২৩শে নভেম্বর তৃতীয় সভা অনুষ্ঠানের কথা জানানো হয়েছে।

সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মতামত এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করে নিম্ন্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের কার্যক্রম এগিয়ে নেয়া হবে বলে আশা করা হচ্ছে। গত ৯ই নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।