চাঁদপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

ফন্ট সাইজ:

চাঁদপুরের ফরিদগঞ্জে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অবস্থিত অবৈধভাবে পরিচালিত মেসার্স মাহাবুব চেয়ারম্যান ব্রিক্‌স নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার গাজীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ অভিযানে নেতৃত্ব দেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে জানানো হয়, ইটভাটাটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন ছিল না। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অবৈধভাবে ভাটাটি পরিচালিত হয়ে আসছিল। এসব কারণে ইটভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযানে অংশ নেয়া পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, অভিযান শেষে ইটভাটাটি আর পরিচালনা করবেন না- এ মর্মে ভাটার মালিক মো. কামাল হোসেনের কাছ থেকে মুচলেকা গ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সার্বিক সহযোগিতা করে ফরিদগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। পরিবেশ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, ফরিদগঞ্জ উপজেলায় মেসার্স মাহাবুব চেয়ারম্যান ব্রিকসসহ ১৪টি ইটভাটা অবৈধভাবে পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে এই প্রথম কোনো ইটভাটায় অভিযান চালিয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হলো।