যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জ মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- একই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরের কুয়াশাচ্ছন্ন পরিবেশে মহাসড়ক দিয়ে ঠান্ডু মিয়া ও আলীম হাঁটছিলেন। এ সময় দ্রুতগামী একটি পাথরবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করলেও ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
