শ্রীনগরে ১৫ মামলার আসামি বিকাশ বাহিনীর প্রধান বিকাশকে ৩টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া থেকে খালেদ হাসান বিকাশ (৩২)কে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাশের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তল্লাশি করে তার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় তৈরি ওয়ানগান, ১টি পাইপগান, ৪ রাউন্ড শটগানের কার্তুজ ও ২টি স্টিলের পাইপ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিকাশ এর আগেও অস্ত্রসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিল।
সে ওই এলাকার সন্ত্রাসী গ্রুপ বিকাশ বাহিনীর প্রধান। ২০১৩ সালে এই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আকাশ গুলিতে নিহত হয়। বিকাশ শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়ার কাশেম মোড়লের পুত্র। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, বিকাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
