দুই সীমান্ত পেরিয়ে ক্যাম্পে ঢুকছে রোহিঙ্গা

ফন্ট সাইজ:

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনুপ্রবেশ থামছেই না। এবার শুধু মিয়ানমার সীমান্ত নয়, ভারত সীমান্ত ব্যবহার করেও রোহিঙ্গা পরিবারগুলো ঢুকছে বাংলাদেশে। দালালদের মাধ্যমে সীমান্ত পেরিয়ে তারা পৌঁছে যাচ্ছে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে। গত ২৭-২৯শে অক্টোবর তিনদিনে মিয়ানমার থেকে অন্তত ৫৫ জন, ১১ই নভেম্বর আরও ছয়জন এবং ১৪ই নভেম্বর ভারত থেকে সাতজনের অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া সমুদ্রপথে অনুপ্রবেশের ঘটনায় টেকনাফে ৩৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সংশ্লিষ্ট ক্যাম্প সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১১ই নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে মিয়ানমারের বুচিডং টাউনশিপ থেকে একটি পরিবারের ছয় সদস্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বরইতলী সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। পরে তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭-এর সি/১০৮ ব্লকে রহিমা খাতুন নামের এক নারীর আশ্রয়ে যায়। অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছেন আমির হোসেন (৪৮), তার ছেলে নুর হোসেন (১৭), ইমাম হোসেন (১৪), জাহিদ হোসেন (১২), দীন ইসলাম (৮) ও নুর আয়েশা (৪)। তাদের বাড়ি মিয়ানমারের বুচিডং এলাকায় বলে জানা গেছে। আশ্রয়দাতা রহিমা খাতুনের বয়স ৪০ বছর। তার পিতার নাম নবী হোসেন। তার এফসিএন নম্বর ২২১১১১।

এর তিনদিন পর ১৪ই নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ভারত থেকে আরও একটি পরিবারের সাত সদস্য বাংলাদেশে প্রবেশ করে। সাতক্ষীরা সীমান্ত দিয়ে দালালের সহায়তায় প্রবেশের পর তারা উখিয়ার কুতুপালং ১ নম্বর ইস্ট ক্যাম্পের সি/০৫ ব্লকে স্থানীয় বাসিন্দা হাজী ফজুর বাড়িতে আশ্রয় নেয় বলে জানা গেছে। পরিবারটির প্রধান ৪০ বছর বয়সী শাহ আলম। তার স্ত্রী জামালিদার বয়স ৩৯ বছর। তাদের সন্তান মো. রামিজ (১৭), ইয়াসিন আরফাত (১৪), মো. ইরশাদ (১১), নূর ফাতেমা (৮) ও মো. রেদওয়ান (৪)। পরিবারের দেয়া তালিকায় শাহ আলমের পিতার নাম নবী হোসেন উল্লেখ রয়েছে। তবে এই দুটি পরিবারের আগমনই শেষ নয়। এর আগে গত ২৭, ২৮ ও ২৯শে অক্টোবর তিনদিনে মিয়ানমার থেকে অন্তত ৫৫ জন রোহিঙ্গা দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে উখিয়ার কুতুপালং ১ নম্বর ইস্ট ক্যাম্পে আশ্রয় নেয় বলে ক্যাম্পসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। তাদের অধিকাংশের বাড়ি বুচিডং টাউনশিপে। ক্যাম্পের বিভিন্ন শেডে তারা অবস্থান করছে।

অন্যদিকে, ভারত থেকে আসা রোহিঙ্গাদের বিষয়ে কুতুপালং ১ নম্বর ইস্ট ও ওয়েস্ট ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজুল ইসলামের বরাত দিয়ে প্রকাশিত তথ্যে জানা গেছে, সমপ্রতি কুতুপালং ১ নম্বর ইস্ট ক্যাম্পে আশ্রয় নেয়া ৫০ জনের মধ্যে ৪৫ জনই ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের একটি বড় অংশ দীর্ঘদিন ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় বসবাস করছিল। সেখান থেকে উচ্ছেদের পর দালালের মাধ্যমে সাতক্ষীরা সীমান্ত পেরিয়ে তারা উখিয়ায় পৌঁছায়। তাদের অনেকের কাছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র নিবন্ধন কার্ডও রয়েছে।

এদিকে স্থলসীমান্তের পাশাপাশি সক্রিয় রয়েছে সমুদ্রপথও। গত ৯ই নভেম্বর ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ নারী, আট পুরুষ ও ১৬ শিশু রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, দালালচক্রের মাধ্যমে মাছ ধরার নৌকায় নাফ নদী ও বঙ্গোপসাগর পেরিয়ে প্রায় ৫০ থেকে ৬০ জন বাংলাদেশে প্রবেশ করে। পরে তাদের হাবিবছড়া এলাকার একটি বাড়িতে রাখা হয়। বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করেন। বাকিরা স্থানীয় দালালদের সহায়তায় বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান।