ফরিদপুরের বোয়ালমারীতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১১টায় বোয়ালমারী চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মব সৃষ্টির চেষ্টা করার অভিযোগে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। ফরিদপুর-১ (আলফাডাঙ্গা- বোয়ালমারী ও মধুখালীতে) গত সোমবার জামায়াতের নেতাকর্মীদের নেতৃত্বে মব সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। সরকারি কোনো অফিস-আদালতে মব সৃষ্টির চেষ্টা করা হলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ-সভাপতি খান আতাউর রহমান প্রমুখ।
