কক্সবাজারের টেকনাফে দক্ষিণ লম্বরীঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে বিজিবি অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় টেকনাফ সি-বীচ বিওপি’র দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে কয়েকজনকে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচার করার গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়।
পরে রাত সোয়া ৭টার দিকে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন, কক্সবাজার সদর উপজেলার হায়দারপাড়ার মো. জাহিদুল ইসলাম, দক্ষিণ পাকারমড়ার মো. রাকিব হাসান, পোড়াখালীর মো. আব্দুল্লাহ হোসেন, রামু উপজেলার কিয়াজুর বিলের মো. আব্দুল গফুর এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির লম্বা মাঠ এলাকার মো. রিদুয়ান মিয়া। বিজিবি অধিনায়ক জানান, উদ্ধারকৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
