গ্রাচ্যুইটিসহ বিভিন্ন আর্থিক সুযোগ-সুবিধা পরিশোধের দাবিতে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরের প্রধান দুই টার্মিনালে কন্টেইনার ওঠানো-নামানোর কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কন্টেইনার টার্মিনালে (সিসিটি) কাজ বন্ধ রাখেন শ্রমিকরা। পরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং দাবি পূরণের আশ্বাস পেয়ে বেলা সোয়া একটার দিকে কাজে ফেরেন তারা।
শ্রমিকদের কর্মবিরতির কারণে টার্মিনাল দু’টিতে ছয়টি জাহাজের কন্টেইনার ওঠানো-নামানো বন্ধ হয়ে যায়। এতে বন্দরের গুরুত্বপূর্ণ দু’টি টার্মিনালের স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। শ্রমিক-কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা গ্রাচ্যুইটি, অর্জিত ছুটি, প্রণোদনাসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এসব পাওনা পরিশোধ না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন। পাশাপাশি টার্মিনাল দু’টিতে বিক্ষোভ করেন। পরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলে দাবি পূরণের আশ্বাস দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তারা কাজে যোগ দেন।
বন্দর সূত্রে জানা গেছে, কাগজে-কলমে এনসিটি পরিচালনার দায়িত্বে রয়েছে চিটাগাং ড্রাই ডক লিমিটেড। তবে টার্মিনালটির মূল পরিচালন কার্যক্রম পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। অন্যদিকে সিসিটি পরিচালনার দায়িত্বেও রয়েছে সাইফ পাওয়ারটেক।
এদিকে এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের কথা রয়েছে। একইভাবে সিসিটিও সাইফ পাওয়ারটেকের হাত থেকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেয়ার প্রক্রিয়া চলছে।
টার্মিনাল দু’টি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ায় সেখানে কর্মরত প্রায় এক হাজার নিয়মিত শ্রমিক-কর্মচারীর চাকরি ও ভবিষ্যৎ আর্থিক সুযোগ-সুবিধা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শ্রমিকদের আশঙ্কা, পরিচালনাকারী প্রতিষ্ঠান পরিবর্তনের সময় তাদের পাওনা ও কর্মসংস্থানের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়তে পারে। এ পরিস্থিতিতে গ্রাচ্যুইটি, অর্জিত ছুটি, প্রণোদনাসহ যাবতীয় বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সকালে শ্রমিকরা আন্দোলন করেছেন। কয়েক ঘণ্টা কর্মসূচি পালনের পর তারা কাজে ফিরে গেছেন। বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
