ফুলবাড়ীতে গ্রামবাসীর উদ্যোগে ১৩০০ ফুট বাঁধ নির্মাণের উদ্বোধন

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নদীভাঙন রোধে সরকারি ও বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কার্যকর উদ্যোগ না পাওয়ায় এবার নিজেদের উদ্যোগেই বাঁধ নির্মাণে এগিয়ে এসেছেন স্থানীয় গ্রামবাসী। উপজেলার বড়ভিটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম চর মেকলি গ্রামে প্রায় ১ হাজার ৩শ’ ফুট বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সংক্ষিপ্ত মতবিনিময় সভা শেষে বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম আরিফ। বাঁধ নির্মাণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলহাজ মফিজল হক। এ সময় উপস্থিত ছিলেন বড়ভিটা ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াস হোসেন, মহিলা সদস্য নাজমা বেগম, মাওলানা মশিউর রহমান, ইউনুস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

স্থানীয়রা জানান, নদীভাঙন থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো কার্যকর পদক্ষেপ বা সমাধান পাওয়া যায়নি। ফলে নিজেদের বসতভিটা ও এলাকার সম্পদ রক্ষায় স্বেচ্ছাশ্রম ও নিজস্ব উদ্যোগে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তারা। গ্রামবাসীর আশা, প্রায় ১ হাজার ৩শ’ ফুট দীর্ঘ এই বাঁধ নির্মিত হলে নদীভাঙনের ঝুঁকি অনেকটাই কমবে এবং রক্ষা পাবে এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি। তবে নদীভাঙনের স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।