চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলমের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরের কোতোয়ালি থানার খাতুনগঞ্জ এলাকার মেসার্স ইলিয়াছ ব্রাদার্সের (এমইবি) কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক দুজন হলো, তানজিরুল ও অনিক দত্ত। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামসুল আলম চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে খাতুনগঞ্জ এলাকায় ঝটিকা মিছিল বের করেন। একপর্যায়ে মিছিল থেকে কয়েকজন লাঠিসোটা হাতে ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ইলিয়াছ ব্রাদার্সের কার্যালয়ে ঢুকে পড়েন। সেখানে তারা বিভিন্ন কক্ষে ভাঙচুর চালান। এতে প্রতিষ্ঠানের কাঁচের দরজা, আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। এদিকে বিএনপি নেতা শামসুল আলমের ব্যক্তিগত সহকারী মো. শাহ আলম জানান, হামলায় প্রতিষ্ঠানের কাঁচের দরজাসহ একাধিক কক্ষ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কোতোয়ালি থানার ওসি মো. জাহেদুল কবির জানান, এ ঘটনায় দুজনধকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
