হোমনায় দুর্বৃত্তদের আগুনে ছাই পিকআপভ্যান

ফন্ট সাইজ:

কুমিল্লার হোমনা পৌরসভার হরিপুর গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে এক ব্যবসায়ীর পিকআপভ্যান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মজিবুর রহমান জানান, ভোর রাতে কে বা কারা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার পর চাকা ব্লাস্ট হওয়ার শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখেন গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে পিকআপভ্যানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও জানান, এর আগেও একই স্থানে তার একটি মিনি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছিল। এ বিষয়ে হোমনা থানার ওসি টমাস বড়ুয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আগুন লাগার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।