স্বপ্নভঙ্গের বেদনায় করিমগঞ্জ-তাড়াইলবাসী

ড. ওসমান ফারুকের পদত্যাগ

স্বপ্নভঙ্গের বেদনায় করিমগঞ্জ-তাড়াইলবাসী

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি’র সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহম্মদ ওসমান ফারুকের পদত্যাগে হতাশ হয়ে পড়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তার এমন সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো আলোচনা না করে পদত্যাগ করায় তাদের কেউ কেউ ক্ষোভও প্রকাশ করেছেন।
বিএনপি’র একটি অংশ বলছে, ড. ওসমান ফারুকের বাবা ড. এম ওসমান গনি ছিলেন দেশসেরা শিক্ষাবিদ ও বিজ্ঞানী। তিনি এ আসনে সংসদ সদস্যও ছিলেন। তার ছেলে ওসমান ফারুক ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সংসদে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসেবে তিনি নিয়োগ পান। শিক্ষামন্ত্রী হিসেবে ওসমান ফারুক সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডসহ শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখেন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে এমপি নির্বাচিত হলেও তিনি দলে যথাযথ মূল্যায়ন পাননি। তাকে মন্ত্রী করা হয়নি।

করিমগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আজিজুল ইসলাম দুলাল বলেন, নির্বাচনের পর আমরা আশা করেছিলাম, তিনি ভালো একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। তবে তাকে মূল্যায়ন করা হয়নি।
করিমগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার বলেন, করিমগঞ্জ ও তাড়াইলের মানুষ এলাকার উন্নয়নের জন্য তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন। তার কাছে অনেক প্রত্যাশা ছিল আমাদের। তিনি যে পদত্যাগ করেছেন, তিনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। তার অসুস্থতার বিষয়েও আমাদের কাছে খোলাসা করে কিছু বলেননি। তবে তাঁর মধ্যে হতাশা ছিল। আগে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। এখন সংসদে তিনি পেছনের সারিতে বসে থাকেন। তাঁর মূল্যায়ন নেই- এসব কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে আমরা মনে করি। তবে আমাদের সঙ্গে কথা বলে যদি তিনি পদত্যাগ করতেন তাহলে আমরা একটু হলেও সান্ত্বনা পেতাম।

করিমগঞ্জের বিএনপি নেতা সারোয়ার হোসেন মাহফুজ বলেন, জাতীয় সংসদে স্পিকার কর্তৃক শুনতে পেলাম কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বর্তমান সংসদ সদস্য ড. ওসমান ফারুক সাহেব স্বীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন। উনি ছিলেন অত্যন্ত সৎ, দক্ষ এবং মেধাবী ব্যক্তিত্ব। উনার এই পদত্যাগ আমাদের করিমগঞ্জ-তাড়াইলবাসীর জন্য খুবই বেদনাদায়ক। দোয়া করি মহান আল্লাহ পাক উনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন।

উনার শূন্যতা সত্যিই অপূরণীয়। পরবর্তীতে এই আসনটি যেন আমরা বিএনপির আসন হিসেবে পুনরুদ্ধার করতে পারি এমন একজন সৎ, আদর্শবান এবং ক্লিন ইমেজ ব্যক্তিত্বের অধিকারী নেতা চাই। ওসমান ফারুক গত ১৪ই নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। মঙ্গলবার স্পিকার জাতীয় সংসদে এই পদত্যাগপত্র পাওয়া ও গ্রহণের বিষয়টি সংসদকে অবহিত করেন। পদত্যাগ গ্রহণ করায় কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে বলেও জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।