‘পাঁচ লাখ টাকা দাবি এক লাখে সমঝোতা ৫০ হাজার দিয়েও রক্ষা হয়নি’

‘পাঁচ লাখ টাকা দাবি এক লাখে সমঝোতা ৫০ হাজার দিয়েও রক্ষা হয়নি’

ফন্ট সাইজ:

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’র সভাপতি দাবি করে ভাইরাল হওয়া আইনজীবী এডভোকেট এম কামাল উদ্দিনকে আটকের ঘটনায় এবার চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী কামাল উদ্দিনের অভিযোগ, তাকে ‘ডেভিল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার ভয় দেখিয়ে প্রথমে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে কয়েক দফা আলোচনার পর এক লাখ টাকায় সমঝোতা হয়। এর মধ্যে ৫০ হাজার দিলেও অবশিষ্ট টাকা দিতে না পারায় তাকে মারধরের চেষ্টা, হেনস্তা এবং লোকজন জড়ো করে মধ্যরাতে মব সৃষ্টি করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। গত ১৪ই নভেম্বর দিবাগত রাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা সিডিএরটেক এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
এডভোকেট কামাল উদ্দিনের দাবি, কয়েক মাস আগে থেকে তিনি কর্ণফুলী উপজেলার সিডিএরটেক এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

সম্প্রতি স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী পরিচয়ে ৭ যুবক বাসায় গিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। বিষয়টি নিয়ে অভিযুক্তদের সঙ্গে কয়েক দফা আলোচনা করে একপর্যায়ে এক লাখ টাকায় সমঝোতা হয়। তিনি জানান, সমঝোতা অনুযায়ী প্রথমে ৫০ হাজার টাকা এবং পরবর্তী সময়ে বাকি ৫০ হাজার টাকা দেয়ার কথা ছিল। কামাল উদ্দিনের অভিযোগ, গত ১৪ই নভেম্বর রাতে বাবলু, হারুনসহ কয়েকজনের কাছে তিনি সমঝোতা অনুযায়ী ৫০ হাজার টাকা তুলে দেন। কিন্তু টাকা নেয়ার পর অভিযুক্তরা আরও ৫০ হাজার টাকা দাবি করে। কিন্তু ওই টাকা দিতে না পারায় চাঁদাবাজরা তাকে অকথ্য গালিগালাজ করে। একপর্যায়ে রাত আড়াইটার দিকে লোকজন জড়ো করে পরিস্থিতি উত্তপ্ত করে। পরে পুলিশ ডেকে ধরিয়ে দেয়া হয়। ভুক্তভোগী এডভোকেট কামাল উদ্দিনের অভিযোগ মো. হারুনুর রশিদ, মো. বাবলু (ককটেল বাবলু), মো. রুবেল ও ইমরান আবছারসহ আরও কয়েকজন এই কাজে জড়িত। এর মধ্যে হারুনুর রশিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য, বাবলু স্থানীয় যুবদল কর্মী ও মো. রুবেল স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচিত।

এ বিষয়ে অভিযুক্ত বাবলু ও হারুনুর রশিদ পুরো বিষয়টিকে অস্বীকার করে বলেন, কামাল উদ্দিনের সঙ্গে অর্থ লেনদেন বা যোগাযোগের কোনো প্রমাণ থাকলে তা প্রকাশ করা হোক। তাদের দাবি, কামাল আওয়ামী লীগের দোসর এবং প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, অভিযোগের বিষয়টি আমি আপনার কাছ থেকে অবগত হয়েছি, খোঁজ নিয়ে তদন্ত করে সত্যতা থাকলে অভিযুক্তের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আহমদ জানান, এডভোকেট কামাল উদ্দিনকে নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনার বিষয়ে আমরা তদন্তে গিয়ে এর পেছনে কিছু ব্যক্তির খোঁজ পেয়েছি। কিন্তু ভুক্তভোগী কামাল উদ্দিন এ বিষয়ে থানায় কোনো অভিযাগ না করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়নি।