চকরিয়ায় অগ্নিকাণ্ডে হাফেজ দুই ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় অগ্নিকাণ্ডে হাফেজ দুই ভাইয়ের মৃত্যু

ফন্ট সাইজ:

চকরিয়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই হাফেজ ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ছোট ভাইয়ের মৃত্যুর পর তার দাফন সম্পন্ন হওয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান বড় ভাই। নিহত দুই ভাই হাফেজ ওমর ফারুক (১৩) ও মো. আবদুল্লাহ (১৬)। তারা পশ্চিম কাহারিয়া ঘোনা এলাকার বাসিন্দা মৌলানা ফজল কাদেরের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, স্টিলের টিফিন বক্সে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। আগুনে দুই ভাই অগ্নিদগ্ধ হন। ঘটনাস্থলেই ছোট ভাই ওমর ফারুকের মৃত্যু হয়।

অন্যদিকে, গুরুতর দগ্ধ অবস্থায় বড় ভাই আবদুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ছোট ভাইয়ের দাফন সম্পন্ন হওয়ার আগেই বড় ভাইয়ের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং নগদ অর্থ, আসবাবপত্র ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা প্রদান করেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। এক রাতের অগ্নিকাণ্ডে দুই সন্তানকে হারিয়ে পরিবারটি এখন গভীর শোকের পাশাপাশি বসতঘর ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে।