নেত্রকোণায় ৫ মাস পর ফয়সাল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নেত্রকোণায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে বিরোধের সংঘর্ষে নিহত মোস্তফা আমির ফয়সাল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আলামিন (৩৬)কে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। সোমবার রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার কুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে এসআরবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ১লা জুন রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার উত্তর বিশিউড়া এলাকায় সাউন্ড বক্স বাজানো নিয়ে মোস্তফা আমির ফয়সাল, রবিন ও সৌরভের সঙ্গে আলামিন ও তার সহযোগীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আলামিনের লোকজন তাদের ওপর হামলা চালায় এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২রা জুন রাত ৩টার দিকে ফয়সালের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ৩রা জুন নেত্রকোণা সদর থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তার আলামিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।