রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ও এসিল্যান্ড মিজানুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন আঁতাত ও মিটিংয়ের অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বিকালে উপজেলার ভবানীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাগমারা উপজেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সঙ্গে সোমবার গোপন মিটিং করেন ইউএনও। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে অপসারণের দাবিতে মঙ্গলবার ভবানীগঞ্জ বাজারের আলু হাঁটি থেকে মিছিল নিয়ে উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। তবে ইউএনও অভিযোগ করেন, তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মিছিল করেন, তা না মানায় তার বিরুদ্ধে অপপ্রচার করছেন। সমাবেশে দাবি করা হয় যে, ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছেন ইউএনও। এটা মেনে নেয়া হবে না। নিষিদ্ধ সংগঠনের কাউকে পুনর্বাসনের কোনো সুযোগ দেয়া হবে না। এ সময় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক (মানিক) বলেন, ১৭ বছর ধরে আওয়ামী লীগের অত্যাচার সহ্য করেছি। আমাদের ঘুমাতে দেয়নি। আজ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাত্র-জনতার প্রকোপে পালানোর পর তাদেরকে আবারো ফেরাতে প্রশাসন গুপ্তভাবে কাজ করছে। গতকালও আওয়ামী লীগের উপজেলা শাখা সহ-সভাপতির সঙ্গে মিটিং করেছে দীর্ঘ সময় ধরে। অথচ আমাদের গুরুত্ব দেয় না। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে অপসারণের দাবি জানাচ্ছি।
উপজেলা মহিলা দলের সভানেত্রী নিহার বানু বলেন, আমাদের অবজ্ঞা অবহেলা করে আওয়ামী লীগের নেতাদের গুরুত্ব দেয় ইউএনও। সে আমাদের বসিয়ে রেখে আওয়ামী লীগের নেতাদের ২-৩ ঘণ্টা সময় দেয়। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীরের সঙ্গে গোপন মিটিংয়ের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, তার সঙ্গে যে গোপন আঁতাত এবং মিটিংয়ের অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। এটা উদ্দেশ্যপ্রণোদিত। আমার কাছে সেবা নিতে শত শত মানুষ আসে। সে কখন এসেছিল আমি সেটাও জানি না। পরে জানতে পেরেছি আমি নাকি তার সঙ্গে গোপন মিটিং করেছি। অথচ তিনি বিগত দুই বছরে অসংখ্যবার অফিসে এসেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই তার সঙ্গে আমার কোনো গোপন আঁতাত বা মিটিং হয়নি। তিনি আরও বলেন, তারা আমাকে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য করার জন্য চাপ দেয়। কিন্তু আমি সাড়া না দেয়ায় তারা আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন। এ বিষয়ে জানতে উপজেলা ভূমি অফিসার মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। সভায় উপস্থিত ছিলেন- মহিলা দলের রাজশাহী জেলা সভানেত্রী এড. সামসাদ বেগম মিতালী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপালী আক্তার রুপা, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারা, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শান্তি বিবি, ভবানীগঞ্জ পৌর মহিলা দলের সভানেত্রী শাহিনা পারভীন ডলি, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন প্রমুখ।
