পাবনার সাঁথিয়ার রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন থেকে ৭৭টি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে এসআরবি-১২, পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবনে বিপুলসংখ্যক ককটেল উদ্ধারের ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদে বিদ্যালয়টির পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এসব ককটেল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে বিদ্যালয়ের পাশে নতুন ভবন নির্মিত হওয়ায় পুরনো ভবনটি কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
দীর্ঘদিন ধরে ভবনটি অব্যবহৃত থাকার সুযোগে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা লোকচক্ষুর আড়ালে সেখানে ককটেল মজুত কিংবা তৈরির কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসআরবি-১২ -এর কোম্পানি কমান্ডার পলি রানী সরকার জানান, অভিযানে মোট ৭৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল এসে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া সম্পন্ন করবে।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী তদন্তের জন্য আলামত ঢাকায় পাঠানো হবে। এ ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সচেতন মহলের মতে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে এ ধরনের বিস্ফোরক মজুতের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
