চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া মাজার সংলগ্ন ছড়ার পাশে খোলামেলা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন বেকারি পণ্য। সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ওই বেকারিতে বিস্কুট, চানাচুর, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি ও বাজারজাতের প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় অনুমোদন ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে বেকারিটি পরিচালিত হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের। সরজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেকারিটিতে খাদ্যপণ্য তৈরির পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন। এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হলে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের প্রশ্ন, জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান কীভাবে এমন পরিবেশে পরিচালিত হচ্ছে। বেকারিটির প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কিনা, তা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়া জরুরি। এ বিষয়ে জানতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মো. আশাফ উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
অপরদিকে, বেকারিটির মালিক মো. কাউসার আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েকদিন আগে শুরু করেছি মাত্র। কোনো নিউজ করবেন না, আপনার সঙ্গে দেখা করবো। এ কথা বলেই তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ অবস্থায় বেকারিটির বৈধতা, প্রয়োজনীয় অনুমোদন এবং খাদ্যপণ্য তৈরিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে কিনা, তা সরজমিন তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
