নেত্রকোণার আটপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক প্রধান শিক্ষককে পেটে লাথি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি’র দুই নেতা কর্মীকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। গত সোমবার নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলীগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে সোমবার বিকালে আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ মাসুম চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে উপজেলার তেলিগাতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন ও বিএনপি’র কর্মী নুরুজ্জামান খান পুতুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। সভাপতি মাসুম চৌধুরী বলেন, জেলা কমিটির সভাপতি নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালীর নির্দেশে জরুরি সভা করে রাতেই তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার তেলীগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিবেদিতা দেব। কমিটি গঠন নিয়ে বিরোধে সোমবার দুপুরে আনোয়ার হোসেনের নেতৃত্বে নুরুজ্জামান খান পুতুলসহ আরও ৫-৬ জন বিদ্যালয়ে গিয়ে নিবেদিতাকে মারধর করেন ও পেটে লাথি মারেন। এ সময় ২০-৩০ জন নেতাকর্মী তাদের সঙ্গে ছিলেন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক নিবেদিতা দেব। নিবেদিতা বলেন, বিএনপি নেতাকর্মীরা বিদ্যালয়ের বাইরে অন্য একটি স্থানে বৈঠক করে তাকে সেখানে ডেকে পাঠান। বৈঠকের বিষয় না জানায় তিনি তাদের বিদ্যালয়ের অফিসে এসে কথা বলতে বলেন। এরপরই তারা বিদ্যালয়ে এসে হামলা করেন। তিনি বলেন, আনোয়ার আমার পেটে লাথি মেরেছেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেছেন। তাদের সঙ্গে ২০-৩০ জন নেতাকর্মী ছিলেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, এই কথা বলার পরও তারা ক্ষান্ত হননি। আমার পেটের সন্তানের কোনো ক্ষতি হলে আপনারা দায়ী হবেন, এ কথা বলার পর তারা আমাকে ও আমার পেটের সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি দেন।
এ ঘটনায় শিক্ষক নিবেদিতা দেব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। তবে শিক্ষককে মারধরের অভিযোগ অস্বীকার করে আনোয়ার বলেন, তারা বিদ্যালয়ের পাশে ২০-৩০ জন নেতাকর্মী নিয়ে বৈঠক করছিলেন। প্রধান শিক্ষিকাকে বৈঠকে আসার জন্য খবর পাঠানো হলে তিনি তা গুরুত্ব দেননি। পরে তারা বিদ্যালয়ে গিয়ে দেখেন, ওই শিক্ষিকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে নিয়ে বৈঠক করছেন। শিক্ষিকা কেন আওয়ামী লীগের লোক নিয়ে বৈঠক করছেন-সে বিষয়ে কেবল জানতে চাওয়া হয়েছিল। তাকে মারধর করা হয়নি। তবে শোকজের বিষয়ে বিএনপি নেতা আনোয়ার বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে লিখিত জবাব দেবো।
