দর্শনায় তেলবাহী ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি, কেবিনে ঢুকে দুই চালককে কুপিয়ে জখম

দর্শনায় তেলবাহী ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি, কেবিনে ঢুকে দুই চালককে কুপিয়ে জখম

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার দর্শনা জংশনের অদূরে দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্রেনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল ভোরে দর্শনা জংশনের অদূরে দুধপাথিলা মুরগির ফার্ম-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে দুই চালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। চালকদের মোবাইল ফোন, নগদ টাকা ও ব্যক্তিগত ব্যাগ ছিনিয়ে নেয়া হয়। মাত্র পাঁচ থেকে সাত মিনিটের তাণ্ডব চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায়ও ট্রেনটি চালিয়ে উথলী রেলওয়ে স্টেশনে নিয়ে গিয়ে আশ্রয় নেন দুই চালক। রেলওয়ে ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা খালি বিটিএ ও বিটিও তেলবাহী ট্যাংকার ট্রেনটি রাত আনুমানিক ১টার দিকে যাত্রা শুরু করে।

পথে দর্শনা জংশনের আউটসাইডে ক্রসিংয়ের জন্য ট্রেনটি দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রেনের ইঞ্জিনের কেবিনে অবস্থান করছিলেন লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন। নির্জনতার সুযোগে একদল দুর্বৃত্ত ইঞ্জিনের কেবিনের গ্লাসে আঘাত করে ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা দুই চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে এবং জিম্মি করে লুটপাট চালায়। আহত চালকদের দেয়া তথ্যমতে, দুর্বৃত্তরা তার সহকারীর দু’টি মোবাইল ফোন, নগদ টাকাসহ একটি ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে আনুমানিক ৩ হাজার ৭০০ টাকা ছিল।

হামলার পর রক্তাক্ত অবস্থায় দুই চালক কন্ট্রোলের নির্দেশনা অনুযায়ী ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনে নিয়ে যান। স্টেশন কর্তৃপক্ষ ট্রেনটি স্টেশনের ২ নম্বর লাইনে নিরাপদে গ্রহণ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। উথলী রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত জানান, আহত চালকরা ট্রেন পরিচালনার অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরবর্তী সময়ে আহত চালকদের হেডকোয়ার্টারে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।