পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে শিল্পী খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জহুরুল ইসলাম (৩৮)-এর বিরুদ্ধে। গতকাল সকালে ফরিদপুর উপজেলার হারিয়াবাড়ি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। নিহত শিল্পী আক্তার হারিয়াবাড়ি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ায় আসক্ত। সে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করতো। অন্যদিকে শিল্পী অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে তিন সন্তানকে নিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং ইতিমধ্যে বড় মেয়ের বিয়েও দিয়েছেন। স্বজনরা জানান, জহুরুল কয়েকদিন আগে বাড়িতে ফিরে এসে প্রতিদিন নেশার টাকার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকে।
মঙ্গলবার সকালে সে আবারো টাকা দাবি করলে শিল্পী তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে জহুরুল তাকে বেধড়ক মারধর শুরু করে। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের চার বছর বয়সী ছোট মেয়ে মিথিলা জানায়, তার বাবা মায়ের পেটে উপর্যুপরি ঘুষি মারে এবং গলা টিপে ধরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর জহুরুল তার ছোট মেয়েকে হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে শিশুটি পাশের বাড়িতে থাকা তার মেজ বোন জুলিয়াকে বিষয়টি জানালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই শিফুল মণ্ডল অভিযোগ করে বলেন, আমার বোন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নেশার টাকার জন্য বোনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই। ফরিদপুর থানার ওসি মঞ্জুরুল হাসান মাসুদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
