চট্টগ্রামে টিকা না পাওয়া শিশুদের খুঁজতে বাড়ি বাড়ি যাবেন স্বাস্থ্যকর্মীরা

চট্টগ্রামে টিকা না পাওয়া শিশুদের খুঁজতে বাড়ি বাড়ি যাবেন স্বাস্থ্যকর্মীরা

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের কোনো শিশু যাতে হাম-রুবেলার টিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিশেষ করে বস্তি, ঘনবসতিপূর্ণ এলাকা ও ভাসমান জনগোষ্ঠীর শিশুদের টিকাদানের আওতায় আনার উপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে নগরের এনায়েত বাজারের তুলাতলিতে চসিকের বিশেষ হাম-রুবেলা ক্যাচআপ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শাহাদাত হোসেন বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা না পেলে শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁঁকিতে পড়তে পারে। তাই কোনো শিশু যেন তথ্যের অভাব, অসচেতনতা কিংবা অন্য কোনো কারণে টিকা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে। তিনি জানান, গত ২০শে এপ্রিল থেকে ২০শে মে পর্যন্ত চট্টগ্রাম নগরে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৩ হাজার ২১৯ শিশুকে হামের টিকা দেয়া হয়েছে। পরবর্তী সময়ে ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিশেষ ক্যাচআপ কর্মসূচি চলবে আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত। এ কর্মসূচিতে ইতিমধ্যে ৪০ হাজার ১৫ শিশুকে টিকা দেয়া হয়েছে।

নিয়মিত ও বিশেষ কর্মসূচি মিলিয়ে নগরে মোট ৩ লাখ ৬৪ হাজার ১৫৪ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। চসিক প্রশাসক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী টিকা না পাওয়া শিশুদের তালিকা তৈরি করে অতিরিক্ত টিকাদান সেশনের ব্যবস্থা করা হয়েছে। নগরের ৪১টি ওয়ার্ডে সাতটি ইপিআই জোনের মাধ্যমে এ কার্যক্রম চলছে। লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্য কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও জানান, নিয়মিত কর্মসূচিতে ৯ ও ১৫ মাস বয়সে হাম-রুবেলার টিকা নেয়া শিশুরাও ক্যাম্পেইনের অতিরিক্ত ডোজ পাবে, যদি আগে এ কর্মসূচির ডোজ না নিয়ে থাকে। তবে আগের ডোজের সঙ্গে অন্তত ২৮ দিনের ব্যবধান রাখতে হবে। অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইউনিসেফ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।