নীলফামারীর সৈয়দপুর শহর জুড়ে পৌরসভার সড়ক সংস্কার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে সড়কের পাশে থাকা ২৭টি বৈদ্যুতিক খুঁটি। এসব খুঁটি অপসারণ বা স্থানান্তর না করায় সড়ক সংস্কার কাজে দেখা দিয়েছে ধীরগতি। জানা গেছে, শহরের শের-ই বাংলা সড়ক ও শহীদ জহুরুল হক সড়ক মিলে মোট সাত কিলোমিটার সড়ক সংস্কার কাজ হাতে নেয় পৌরসভা কর্তৃপক্ষ। ২০২৫ সালের ১৯শে অক্টোবর কাজ শুরু হয়। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল প্রজেক্ট’ (আরইউডিপি)-এর আওতায় এ কাজে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৭৫ লাখ টাকা। উভয় সড়কে প্রথম ৬০০ মিটার হবে আরসিসি ঢালাই এবং বাকি ২ হাজার ৯০০ মিটার অংশে করা হবে কার্পেটিং। ২০২৭ সালের জানুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
কাজটির দায়িত্ব পায় ‘এমএ-কেই-এসবি-জেভি’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজটি করছে রংপুরের মেসার্স শাম্মি বিল্ডার্স’। কাজ শুরুর ১৩ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ৪০ শতাংশ কাজও শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারার প্রধান অন্তরায় হিসেবে দাবি করছে শের-ই-বাংলা সড়কের তামান্না মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত ২৭টি বৈদ্যুতিক খুঁটি। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি তুহিন বলেন, এসব খুঁটি সরানোর জন্য আমরা ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগকে ২৩ লাখ টাকা পরিশোধ করেছি। তারা খুঁটি না সরানোর কারণে আমরা সময়মতো সড়কের কাজ শেষ করতে পারছি না। নর্থবেঙ্গল ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলিমুল ইসলাম সেলিম বলেন, গত ৮ই সেপ্টেম্বর পৌরসভা থেকে ২২ লাখ ৯৩ হাজার টাকা পেয়েছি। ওইসব খুঁটি সরানোর জন্য আমরা ইতিমধ্যে টেন্ডারিং কার্যক্রম শেষ করেছি। দিনাজপুরের মেসার্স সুমি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। তারা কাজও শুরু করেছে। তবে খুঁটির পাশ দিয়ে মাটির নিচ পৌরসভার পানির লাইন ও টেলিফোন লাইন থাকায় খুঁটি স্থানান্তর করতে সমস্যা হচ্ছে।
ডিসেম্বরের মধ্যে সবক’টি খুঁটি সরানো সম্ভব হবে বলে তিনি জানান। এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুমি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাপ্পি চক্রবর্তীর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ১৭-১৮টি টাওয়ার পোল সরায়ে এসপিসি পোল বসাতে হবে। কিন্তু বগুড়া থেকে এসপিসি পোল এখনো পাইনি। তাছাড়া মাটির ৭ ফুট গভীরে ঢালাই করা বিভিন্ন সেবাখাতের লাইন থাকায় খুঁটি সরানো সমস্যা হচ্ছে। মেসার্স সুমি এন্টারপ্রাইজের সঙ্গে খুঁটি সরানো বাবদ ৫ লাখ ১ হাজার ২৭০ টাকার চুক্তি করেছে সৈয়দপুর নেসকো। সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী জানান, বৈদ্যুতিক খুঁটি না সরানোর কারণে সড়ক সংস্কার কাজ ধীরগতিতে চলছে। তবে মাটির নিচে পানির লাইন ও টেলিফোন লাইন থাকার বিষয়টি তিনি স্বীকার করেন। শহরের বৃহৎ শপিংমল, থানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে শের-ই-বাংলা সড়কে। তাছাড়া ওই সড়কটিই হলো জেলা সদর থেকে সৈয়দপুর শহরে প্রবেশের একমাত্র সরাসরি পথ।
এভাবে দিনের পর দিন অসম্পন্ন সংস্কার কাজ স্বস্তির চেয়ে ভোগান্তিতে ফেলেছে পথচারীসহ অটো-সিএনজি চালক ও ব্যবসায়ীদের।
