কক্সবাজারে হচ্ছে ৩ মাসের পর্যটন কার্নিভাল, চলছে কর্মযজ্ঞ

কক্সবাজারে হচ্ছে ৩ মাসের পর্যটন কার্নিভাল, চলছে কর্মযজ্ঞ

ফন্ট সাইজ:

কক্সবাজারে পর্যটকদের বিনোদনের সুযোগ বাড়াতে আয়োজন করা হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। সৈকতসংলগ্ন ঝাউবাগানের ৩৫ একর এলাকা জুড়ে দিন-রাত ২৪ ঘণ্টা চলবে এ আয়োজন। আয়োজন সফল করতে চলছে মহা কর্মযজ্ঞ। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে থাকছে প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন। ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস, কিডস জোন ও ক্যাম্পিংয়ের পাশাপাশি থাকবে আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওপেন-এয়ার মুভি থিয়েটার, গো-কার্টিং, কায়াকিং ও বিচ স্পোর্টস। সকালে যোগব্যায়াম থেকে শুরু করে রাতে সংগীত ও ক্যাম্পফায়ার-সব বয়সী মানুষের জন্যই থাকছে নানা আয়োজন।

আয়োজকদের প্রত্যাশা, এই কার্নিভাল কক্সবাজারের পর্যটন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে সন্ধ্যার পর পর্যটকদের বিনোদনের সীমিত সুযোগের ঘাটতি পূরণ হবে। একই সঙ্গে পর্যটকদের অবস্থানের সময় বাড়বে এবং স্থানীয় ব্যবসা, কর্মসংস্থান ও পর্যটন অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। স্পেল বাউন্ড কমিউনিকেশন লিমিটেডের প্রজেক্ট অ্যান্ড বিজনেস ইন্টিগ্রেশনের লিড আহমেদ সুপ্রতিম বলেন, কক্সবাজারকে বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয়। তাই এখানে দিন-রাত পর্যটকদের জন্য নানা ধরনের বিনোদন ও কার্যক্রম থাকা প্রয়োজন। শুধু সমুদ্র উপভোগের মধ্যে পর্যটনকে সীমাবদ্ধ রাখলে এ খাতের কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব নয়। এই লক্ষ্য সামনে রেখেই কার্নিভালের আয়োজন করা হয়েছে। এর প্রতিপাদ্য ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’।

তিনি আরও জানান, পরিবারের সব সদস্যের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা রাখা হচ্ছে। শিশুদের জন্য থাকবে কিডস জোন, সকালে যোগব্যায়ামের জন্য ওয়েলনেস সেন্টার, পাশাপাশি ফুড জোন, মার্কেটপ্লেস ও ওপেন-এয়ার মুভি থিয়েটার। প্রতিদিন সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ছাড়া আন্তর্জাতিক শিল্পীদের তৈরি বালুর ভাস্কর্য। হাতি, ইলিশ, জেলেদের জীবন, সুন্দরবনসহ বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার নানা চিত্র ফুটিয়ে তোলা হবে এসব ভাস্কর্যে। সবমিলিয়ে ১৫ থেকে ২০টি ভাস্কর্য তৈরি করা হবে। এর মধ্যে থাকবে ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লার মতো ঐতিহাসিক স্থাপনার প্রতিকৃতি। বালুর ভাস্কর্যের পাশাপাশি কার্নিভালে থাকছে ক্যাম্পিং সাইট। আয়োজকদের মতে, বাংলাদেশের পর্যটন ও আবাসন ব্যবস্থা অনেকটাই হোটেল কেন্দ্রিক। প্রাকৃতিক পরিবেশে ক্যাম্পিংয়ের সুযোগ পর্যটকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি করবে।

এ ছাড়া থাকছে প্রায় তিন হাজার মানুষের একসঙ্গে বসে খাবার খাওয়ার ব্যবস্থা। বিভিন্ন ফুড স্টল থেকে খাবার সংগ্রহ করে দর্শনার্থীরা এক জায়গায় বসে খেতে পারবেন। গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস, ক্যাম্প ফায়ার ও তারাভরা আকাশ দেখার সুযোগও থাকবে। কার্নিভাল ২৪ ঘণ্টা খোলা রাখার পরিকল্পনার কথা জানিয়ে আহমেদ সুপ্রতিম বলেন, যারা সূর্যোদয় উপভোগ করতে চান, তারা নিজেদের সুবিধামতো সময়ে এসে তা উপভোগ করতে পারবেন। একইভাবে সূর্যাস্ত ও রাতের সৌন্দর্য উপভোগের জন্যও পর্যাপ্ত আয়োজন থাকবে।

কার্নিভালে বিনোদনের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, কুটিরশিল্পী এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পণ্য প্রদর্শনের সুযোগ রাখা হবে। মার্কেটপ্লেস ও ক্রাফট ভিলেজে দেশীয় পণ্য ও ঐতিহ্য তুলে ধরার ব্যবস্থা থাকবে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন হোটেল শৈবাল ও মোটেল লাবনীর ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ বলেন, কার্নিভালে হেলথ জোন, ইয়োগা জোনসহ প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন থাকবে। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি কুটিরশিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, যেসব উদ্যোক্তা তাদের পণ্য দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরতে চান, তাদের জন্য কার্নিভাল একটি ভালো প্ল্যাটফরম হিসেবে কাজ করবে। সবমিলিয়ে এটি আকর্ষণীয় ও ব্যতিক্রমধর্মী আয়োজনে পরিণত হবে বলে তারা আশা করছেন।

কক্সবাজার হোটেল মালিক সমিতির সহ-সভাপতি আবু তালেব শাহ বলেন, কক্সবাজারে সমুদ্রসৈকত ও কয়েকটি পর্যটন কেন্দ্র থাকলেও রাতের বিনোদনের ক্ষেত্রে বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে। কার্নিভালের মাধ্যমে সেই ঘাটতি অনেকটাই পূরণ হবে। বিশেষ করে শীত মৌসুমে দিনের বেলায় বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘোরার পর রাতে পর্যটকরা এখানে এসে ভিন্নধর্মী বিনোদন উপভোগ করতে পারবেন। আবু তালেব শাহ মনে করেন, নিরাপত্তা নিশ্চিত করে এ ধরনের আয়োজন প্রতি বছর করা উচিত। এতে কক্সবাজারের পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

এদিকে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আয়োজক কমিটি। পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। নিজস্ব প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগের পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে ফেস ডিটেকশনসহ আধুনিক নজরদারি চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন এই কার্নিভালের উদ্যোক্তা। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে স্পেল বাউন্ড কমিউনিকেশন লিমিটেড। আয়োজকদের আশা, তিন মাসের এই আয়োজন কক্সবাজারে পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে। একই সঙ্গে রাতের পর্যটনকে সক্রিয় করে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে।